প্রাণিচিকিৎসাই তাঁর স্বপ্ন

‘স্নাতক চূড়ান্ত পরীক্ষা শেষে অলস সময় কাটছিল। এ রকম একদিন পত্রিকা ওল্টাতে গিয়ে চোখ আটকে যায় একটি বিজ্ঞাপনে। ওই বিজ্ঞাপনই আমার জীবন বদলে দেয়।’ বাংলাদেশের প্রথম বেসরকারি প্রাণিচিকিৎসা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. সালমা সুলতানা বলছিলেন এ কথাগুলো। তিনি মাত্র ২৭ বছর বয়সে প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে ‘মডেল লাইভস্টক ইনস্টিটিউট ঢাকা (এমলিড)’ নামের এই প্রতিষ্ঠান স্থাপন করেন। ২০১৫ সালে এর যাত্রা শুরু হয়।
মাঠপর্যায়ে প্রাণিচিকিৎসায় দক্ষ জনশক্তি তৈরির জন্য এখানে এক বছর দুই মাস মেয়াদি ‘অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন’ ও ‘পোলট্রি ফার্মিং’ এর ওপর সার্টিফিকেট ও বিভিন্ন স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স করানো হয়। খামারিদেরও সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। পাশাপাশি প্রাণীর চিকিৎসার জন্য এখানে হাসপাতালের কার্যক্রমও চালু রয়েছে। এখানে সপ্তাহের ছয় দিন বহির্বিভাগে গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়া হয়। ডায়াগনস্টিক-সুবিধাও রয়েছে। জরুরি প্রয়োজনে শুক্রবারও সেবা দেওয়া হয়। ব্যক্তিগত উদ্যোগে এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র প্রাণিসেবা প্রতিষ্ঠান।
সালমা সুলতানা ২০১২ সালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিষয়ে স্নাতক পাস করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর মধ্যে প্রচণ্ড হতাশা—পাস করে কী করবেন। ‘প্রাণিচিকিৎসকদের আমাদের দেশে খুব একটা সম্মানের চোখে দেখা হয় না’ বলে দেশের বাইরে যাবেন ঠিক করে ফেলেছিলেন। এ সময়ই পত্রিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি চাকরির বিজ্ঞাপন দেখেন। স্নাতকোত্তরের ক্লাস শুরুর জন্য অপেক্ষা না করে বাকৃবির অধীনে চাকরি নেন কমিউনিটি বেইজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশনে ভেটেরিনারি অফিসার হিসেবে। সেখানে মাত্র পাঁচ মাস চাকরি করেই ঠিক করে ফেলেন তিনি প্রাণিচিকিৎসার জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করবেন।
সালমা সুলতানা বলেন, ‘আমার কর্মস্থল ছিল চট্টগ্রামের পটিয়ায়। ওখানে কাজ করতে গিয়েই বুঝতে পারি দেশে প্রাণিচিকিৎসকের সংকট প্রকট। মাঠপর্যায়ে চিকিৎসকের অভাবে খামারিরা গবাদিপশু নিয়ে কী অসহায় অবস্থার মধ্যে আছেন। সরকারি কিছু প্রাণী হাসপাতাল থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুব কম। আর বেসরকারিভাবে কোনো ব্যবস্থাই নেই। সঙ্গে এ-ও বুঝতে পারি, দেশেই প্রাণিসম্পদ নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে।’
দেশের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ ইনস্টিটিউট করার ধারণাটা মাথায় নিয়েই স্নাতকোত্তরের ক্লাস শুরু করেন সালমা। সালমা বলেন, ‘২০১৪ সালে স্নাতকোত্তর পাস করে কাজ শুরু করি। প্রথমেই যোগাযোগ করি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে। তারা জানায়, এটি একটি ভালো উদ্যোগ। একটি ইনস্টিটিউটের যাবতীয় অবকাঠামো তৈরি করতে পারলে বোর্ড অনুমোদন দেবে।’
বোর্ডের সঙ্গে যোগাযোগের পরই শুরু হয় সালমার মূল সংগ্রাম। ইনস্টিটিউটটি কোথায় তৈরি হবে, অর্থ কোথা থেকে আসবে? সালমা বলেন, ‘পরিবারের কাছে নিজের স্বপ্নের কথা বলি। এগিয়ে আসেন চাকরিজীবী বাবা। নিজের জমানো অর্থ তুলে দেন আমার হাতে।’
ঢাকার অদূরে ডেমরা উপশহর এলাকা আর এখানে ৫০০-এর বেশি গবাদিপশুর খামার আছে। তাই প্রাণিসেবায় ডেমরার আমুলিয়া মডেল টাউনে জমি ইজারা নিয়ে তৈরি করেন প্রতিষ্ঠানটি। ২০১৫ সালের জুলাইয়ে কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদন দেয়। এই ইনস্টিটিউটে প্রথম ব্যাচে এখন ২৭ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। এ ছাড়া ইতিমধ্যে প্রাণিপালনে সচেতনতা তৈরি করতে স্থানীয় ২২ জন খামারিকে স্বল্পকালীন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনই নারী ছিলেন। এখানে যে চারজন শিক্ষক ক্লাস নেন, তাঁরা সবাই প্রাণিচিকিৎসক। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ পরিচালনার জন্য রয়েছেন ছয়জন কর্মকর্তা।
ব্যক্তিগত অর্থায়নে প্রতিষ্ঠানটি তৈরি করতে শুরু থেকেই কঠোর পরিশ্রম করছেন তিনি। খরচ বাঁচাতে বেশির ভাগ কাজ নিজেই করেন। এমনকি ক্লাসের প্রয়োজনীয় বিষয়ের পোস্টারগুলোও তিনি নিজে তৈরি করেছেন। মাঠপর্যায়ে সবার বোঝার সুবিধার্তে ভেটেরিনারি অ্যানাটমি ও ফিজিওলজি নামের একটি বই লিখেছেন, যেটি প্রাণীর অঙ্গসংস্থান ও শরীরবিদ্যার ওপর বাংলায় লেখা একমাত্র বই।
সালমা সুলতানার আদর্শ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। তাঁর লেখা সুলতানার স্বপ্ন পড়েই মনে হয়েছিল অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া নারীদের মুক্তি নেই—বলেন সালমা। বিশেষ করে, নারীরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারেন।