প্রাণিপ্রেমী মেঘনা পাত্র

মেঘনা পাত্রের অজগর বাঁচানোর গল্প অনেকের জানা। কতটা সাহসী আর প্রাণিপ্রেমী হলে একজন মানুষ এমন কাজ করতে পারেন, তার প্রমাণ দিয়েছেন মেঘনা পাত্র। সিলেট শহরতলির খাদিমপাড়ার দলইপাড়ায় মেঘনা পাত্রের বাড়ি। সেই এলাকায় এখন সবার মুখে মুখে তাঁর নাম। দলইপাড়ার এক খুপরিতে মেঘনা পাত্রদের যৌথ পরিবারের বসবাস। ২৩ জুলাই সেখানেই গিয়েছিলাম গল্প শুনতে। মেঘনার সঙ্গে কথা বলার শুরুতেই জানা গেল তিনি শুধু অজগরই নয়, বাঁচিয়েছেন আরও অনেক প্রাণ।

অজগর এখন উদ্যানে
১৬ জুলাই মধ্যরাতের ঘটনা। মেঘনা পাত্র মশারি টানানো বিছানায় গভীর ঘুমে। পাশে মেয়ে মিথিলা আর স্ত্রী শ্রীপুনা পাত্র। হঠাৎ হুড়মুড় করে শরীরের ওপর পড়ল মশারিটা। ঘুম থেকে জেগে মেঘনা পাত্র বুঝলেন, শরীরের ওপর ভারী কোনো বস্তু পড়েছে। বিছানা থেকে নেমে দ্রুত বাতি জ্বালালেন। তারপর যা দেখলেন তাতে তো চক্ষু চড়কগাছ। আস্ত এক অজগর মশারির মধ্যে পেঁচিয়ে আছে। ভীতসন্ত্রস্ত মেঘনা পাত্র মশারি থেকে ছাড়িয়ে অক্ষত অবস্থায় সেই অজগর ধরে ফেলেন। মেঘনা পাত্র বলে যান, ‘সবাই ভয়-ডরে কাবু। আমি চিন্তা করছিলাম কীভাবে রুরই ফারুলের (পাত্ররা অজগরকে এই নামে ডাকেন) ক্ষতি না করে বনে ফিরিয়ে দিতে পারি। দেখলাম নড়তে নড়তে হে (অজগর) মশারির লগে মস্ত একটা প্যাঁচ খাইছে। চলতে পারছিল না আর।’ এই সুযোগে মেঘনা পাত্র বড় একটা চটের বস্তা নিয়ে আসেন। তারপর মুখের কাছে খপ করে ধরে অজগরটা বস্তায় ঢুকিয়ে ফেলেন। ভাবলেন সকাল সকাল বনে ছেড়ে দেবেন।
তারপর স্বস্তি নিয়েই ঘুমাতে গিয়েছিল পাত্র পরিবার। কিন্তু ঘুম ভাঙলে দেখা গেল, বস্তা থেকে বের হয়ে গেছে অজগর। কী বিপদ! কোথায় গেল? ঘরের কোথাও আবার ঘাপটি মেরে নেই তো? এমন শঙ্কা মনের ভেতর ভর করেছে। এরই মধ্যে দেখলেন ঘরের তিনটি হাঁস সাবাড় করেছে অজগরটি।
আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো দলইপাড়াবাসীর মনে। কে জানে কার বাসায় ঢুকে পড়েছে। মেঘনা পাত্র ঘরের আশপাশে খোঁজাখুঁজি শুরু করলেন। কৌতূহল আর ভয় নিয়ে প্রতিবেশীরাও যোগ দিল তাঁর সঙ্গে। ঘরের উত্তর দিকের জঙ্গলে বন-ঝোপ কেটে কেটে দেখছিলেন। দুই ঘণ্টার মাথায় নাগাল পেয়ে গেলেন। ‘রুরই, রুরই...’ বলে হুলুস্থুল পড়ল। এবার আর বস্তায় নয়, সোজা দড়ির ফাঁদে আটকালেন। ১২ ফুট লম্বা একটি অজগর।
সবাই উদ্যত হলো মারবে বলে। মেঘনা পাত্র থামালেন। বন বিভাগে খবর দিলেন। নাটকীয় পর্ব শেষে ১৭ জুলাই দুপুরে বন বিভাগের মাধ্যমে অজগরটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো। পরদিন ১৮ জুলাই এ খবর ছাপা হয় প্রথম আলোয়।

বাঁচিয়েছেন বনবিড়াল
২০১২ সালের ঘটনাটি মেঘনা পাত্রকে মনে করিয়ে দিই। পুরোনো সে কথা শুনেই তাঁর মুখে চাপা হাসি। মাথা ঝাঁকিয়ে বলতে শুরু করলেন, ‘মনে আছে তো, দাগটা তো আর ভুলতে দেয় না!’ তারপর ফুল হাতা শার্ট খুলে দুই হাতের কবজিতে বনবিড়ালের আঁচড় কাটার সেই দাগ দেখালেন। বললেন, ব্যথানাশক সাতটি ইনজেকশন নিতে হয়েছিল তাঁকে।
পাঁচ বছর আগের ঘটনা। বন থেকে প্রায় রাতে লোকালয়ে আসত এক বনবিড়াল। ঘরে ঢুকে মুরগি, হাঁস খেয়ে সাবাড় করছিল। পাত্রদের মধ্যে নানা ফন্দি চলে বনবিড়াল মারার। ফাঁদ পেতে সেই বনবিড়াল ধরা হয় একদিন। মহাসাড়ম্বরে মারতে উদ্যত সবাই। চোখের সামনে এমনটি দেখে আর স্থির থাকতে পারলেন না মেঘনা পাত্র। ফাঁদবন্দী মানে বনবিড়ালের গলায় দড়ির ফাঁস।
প্রাণীর জন্য প্রাণ কাঁদে মেঘনার। কৌশলে বস্তাবন্দী করে খাঁচায় পুরলেন বনবিড়ালকে। শারীরিক কসরত আর মনের জোরে এ কাজ করতে গিয়ে দুই হাতে বনবিড়াল আঁচড় কাটে। শক্ত এই আঁচড় সয়ে বনবিড়ালকে অক্ষত অবস্থায় বনে অবমুক্ত করলেন। তাঁর মনের সুপ্ত প্রবাদটা এবার সবাইকে শোনালেন, ‘বন্যেরা বনে সুন্দর...’।
হিংস্র এক বনবিড়ালকে বশ করে অক্ষত অবস্থায় বনে ফিরিয়ে দেওয়ার পর থেকেই প্রাণিপ্রেমী হিসেবে পরিচিত মেঘনা পাত্র।
প্রাণ বাঁচিয়ে পেয়েছেন পুরস্কার
মেঘনা নামের সঙ্গে তাঁদের সম্প্রদায়ের চিহ্ন আঁকা। পাত্র সম্প্রদায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। সিলেট অঞ্চলেই তাদের বসবাস। শহরতলির খাদিমপাড়ার দলইপাড়া পুরোটাই পাত্র অধ্যুষিত। বাবা বিজন পাত্র রাবারশ্রমিক। মা সন্তকী পাত্র গৃহিণী। দুই বোন, তিন ভাইয়ের মধ্যে মেঘনা পাত্র দ্বিতীয়। স্ত্রী শ্রীপুনা পাত্র, আড়াই বছরের মেয়ে মিথিলাকে নিয়ে মেঘনার পরিবার। শিক্ষাদীক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত। পিয়ন পদে চাকরি করেন পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) নামে নিজের সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে নিয়োজিত একটি বেসরকারি সংস্থায়। সেই সঙ্গে রয়েছে পরিবেশ, প্রাণী সুরক্ষার সচেতনতাও।
মেঘনা পাত্র সম্পর্কে পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র বলেন, দলইপাড়া এলাকায় যেকোনো বন্য প্রাণীর সুরক্ষায় সবার আগে মেঘনা পাত্রের ডাক পড়ে। পাসকপ তাঁকে এ কাজে উৎসাহ দেয়।
প্রাণিপ্রেমের জন্য ১৯ জুলাই মেঘনা পাত্রের হাতে পুরস্কার তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। অনাড়ম্বর এই আনুষ্ঠানিকতার ছবি শোভা পাচ্ছে ‘ডিসি সিলেট’ ফেসবুক পেজে। পুরস্কারের কথা তুলতেই মেঘনা পাত্রের চোখমুখে ভর করল লাজুকতা। সেটা লুকিয়েই বললেন, ‘পুরস্কারের জন্য তো করি না, কাজটা করি মায়া থেকে।’