প্রাণী শাবকের ছবি কাজে গতি বাড়ায়!
অত্যন্ত মনযোগ দিতে হয় এমন কাজ যাঁরা করেন তাঁদের জন্য সুখবর। মনোযোগ বাড়ানোর নতুন পদ্ধতি পাওয়া গেছে। প্রাণীর আকর্ষণীয় ছবি, বিশেষ করে প্রাণীর শাবকের ছবি দেখলে কাজের গতি বাড়ে। গবেষকেরা বলছেন, এই প্রাপ্তি কর্মক্ষেত্রে ব্যবহার করে মানুষের কর্মদক্ষতা বাড়ানো যাবে। এতে সময়ও সাশ্রয় হবে। জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এই চমকপ্রদ তথ্যটি দিয়েছেন। ‘দ্য পাওয়ার অব কাউয়াই’ শিরোনামে তাঁরা তথ্যটি প্রকাশ করেছেন মার্কিন অনলাইন বিজ্ঞান সাময়িকী প্লস ওয়ান-এ। সুখ, আনন্দ ও উল্লাস আমাদের কাজের প্রতি উদ্বুদ্ধ করে। গতিও বাড়ায়। বিষয়টি বিবেচনায় রেখে গবেষকেরা ১৩০ জন কলেজশিক্ষার্থীর ওপর এই গবেষণাটি করেন। শিক্ষার্থীদের তিনটি দলে ভাগ করা হয়। এক দলকে দেখতে দেওয়া হয় কুকুর ও বিড়ালছানার ছবি। অপর দুই দলকে দেওয়া হয় পূর্ণবয়স্ক প্রাণী ও মজাদার খাবারের ছবি। পর্যবেক্ষণ শেষে দেখা যায়, খাবারের ছবি দেখা দলটির কাজে কোনো উন্নতি হয়নি। পূর্ণবয়স্ক প্রাণীর ছবি দেখা দলের কাজের উন্নতি হয়েছে মাত্র ৫ শতাংশ। কিন্তু কুকুর ও বিড়ালছানার ছবি দেখেছে যে দলটি, তাদের কাজের উন্নতি হয়েছে ১০ শতাংশ। ইনডিপেনডেন্ট।