প্রাণীদের আপনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটখাটো গড়ন। গোলগাল চেহারা। মুখে হাসি লেগেই থাকে। কাছে এসে সালাম দিয়ে হাসিমুখে হাত বাড়িয়ে বললেন, ‘আমার নাম মোহাম্মদ দিদারুল আলম।’ আমরা তখন হাসপাতালে বাঘের নিরাপত্তাবেষ্টনীর সামনে দাঁড়িয়ে। দিদারকে দেখে বাঘের বাচ্চাগুলোর লাফালাফি বেড়ে গেল।লোহার গ্রিলের বাইরে থাবা বের করে ধরে আছে তাঁকে। আবার কার আগে কে দিদারকে ধরবে, এ নিয়ে তিন ভাইবোনের মধ্যে প্রতিযোগিতাও আছে। দিদারও তাদের পরম মমতায় কাছে টেনে নিচ্ছেন। কতক্ষণ জুঁইকে ধরলেন, কিছুক্ষণ কোলে নিচ্ছেন জ্যোতি ও জয়কে। পার্কের কর্মকর্তারা জানালেন, হাসপাতালের কর্মচারী (ড্রেসার) দিদারই এই বাঘের বাচ্চাদের সব। লালন-পালন করেন সন্তানের মতো। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী খাবার ও ওষুধ খাওয়ানো, তাদের নিয়ে খেলা করা, গোসল করানো— সবই তাঁর কাজ।দিদার বলেন, ‘আমি যখন বাঘের বাচ্চাগুলো পরিচর্যার জন্য ঢাকায় যাই, তখন আমার স্ত্রী সন্তানসম্ভবা। ১৬ জুন জন্ম নেয় আমার দ্বিতীয় সন্তান। কিন্তু আমি ব্যাঘ্রশাবকগুলো ছেড়ে আসতে পারিনি। কারণ, প্রথমদিকে বাচ্চাগুলো দুর্বল ছিল। তাদের দুই ঘণ্টা অন্তর দুধ খাওয়াতে হচ্ছিল। তাদের জন্য রাতেও ঠিকমতো ঘুমাতে পারতাম না।’চট্টগ্রামের সীতাকুণ্ডের গোলাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা দিদার বন বিভাগে যোগ দেন ২০০৪ সালের শুরুর দিকে। এর পর থেকে বন্য প্রাণীদের আপনজন হয়ে ওঠেন তিনি। শুধু ব্যাঘ্রশাবক নয়, দিদার লালন করেছেন চারটি সিংহশাবক, ভালুক ও হরিণের বাচ্চাও।