প্রাণীসম্পদ কার্যালয় আছে, সেবা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রাণীসম্পদ কার্যালয় থাকলেও সেবা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। কার্যালয়ে দীর্ঘদিন ধরে প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন না থাকায় রোগাক্রান্ত গবাদিপশু ও হাঁস-মুরগি চিকিৎসা করাতে পারছেন না এলাকাবাসী।
উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, কার্যালয়ে ২০০৫ সাল থেকে প্রাণীসম্পদ কর্মকর্তার পদ শূন্য। আর চলতি বছরের ১১ মার্চ ভেটেরিনারি সার্জন অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর ওই পদটিও শূন্য হয়ে পড়ে। এ ছাড়া মাঠপর্যায়ে তিনজন ভেটেরিনারি সহকারী তত্ত্বাবধায়কের মধ্যে দুইজন তিন মাস ধরে প্রশিক্ষণে রয়েছেন। বর্তমানে মাত্র একজন ভেটেরিনারি সহকারী তত্ত্বাবধায়ক রোগাক্রান্ত পশুর চিকিৎসা দিচ্ছেন।
২০১২ সালের মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, উপজেলায় গবাদিপশুর সংখ্যা ৪৯ হাজার ১৩৫, মুরগির সংখ্যা এক লাখ ২৪ হাজার ৩৭০ ও হাঁস ৩০ হাজার ২৩৫টি। এ ছাড়া উপজেলায় একটি লেয়ার মুরগি ও ১১টি ব্রয়লার মুরগির খামার রয়েছে। প্রাণীসম্পদ কার্যালয়ের কম্পিউটার অপারেটর বনবিহারী চৌধুরী জানান, গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ হাজার ১৮০টি গবাদিপশুর টিকা ও ৫৬ হাজার ১০০টি হাঁস-মুরগির টিকা বরাদ্দ দেওয়া হয়েছে এই কার্যালয়ের জন্য। তবে এই টিকা প্রয়োজনের তুলনায় নগণ্য বলে তিনি মন্তব্য করেন।
গত ২৫ নভেম্বর দুপুরে প্রাণীসম্পদ কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ভেটেরিনারি সহকারী তত্ত্বাবধায়ক সুকুমার জলদাশ স্থানীয় বাসিন্দাদের নিয়ে আসা পশুর চিকিৎসা দিচ্ছেন। তবে কার্যালয়ে আসা অনেকেই দীর্ঘক্ষণ বসে থেকেও পশুর চিকিৎসা করাতে পারেননি। রোগাক্রান্ত দুটি ছাগলের বাচ্চা নিয়ে এসেছিলেন বৃদ্ধা হাবিবা খাতুন, কিন্তু প্রাণীসম্পদ কার্যালয়ে এসে দীর্ঘক্ষণ বসে থেকেও চিকিৎসা করাতে পারেননি সেগুলোকে। কার্যালয়েই একটি বাচ্চা মারা যায়। তিনি বলেন, ‘বহুক্ষণ হলো এখানে বসে আছি। অনেক ডাকাডাকির পরও কারও দেখা পেলাম না।’
ভেটেরিনারি সহকারী তত্ত্বাবধায়ক সুকুমার জলদাশ বলেন, স্থানীয় ব্যবসায়ীরা বিক্রির জন্য এলাকার রোগাক্রান্ত পশু নিয়ে আসেন। এলাকায় এখন গরুর ক্ষুরারোগ দেখা দিয়েছে এই কারণে। তিনি আরও বলেন, ‘ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি গরু মারা গেছে। কিন্তু কতটি গরু মারা গেছে তা জানি না।’
খামারি ও কৃষকেরা জানান, এলাকায় গবাদিপশুর তড়কা, বাদলা, গলাফুলা ও ক্ষুরারোগ দেখা দিয়েছে। এতে দুই মাসে অনেক গবাদিপশু মারা গেছে। কক্সবাজার জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘মহেশখালীতে প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার চিঠি দিয়েও সাড়া পাইনি।’