প্রাণের আশা ছেড়ে প্রাণ হরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের অশ্রু আর সন্তানের রক্তে রচিত হয়েছিল একাত্তরের মহাকাব্য। সেদিন জেনেশুনে বিষপান করেছিলেন বাংলা মায়ের দামাল ছেলেরা—দেশকে পাকিস্তানি হানাদারমুক্ত করতে, মায়ের কান্নার জল মুছিয়ে দিতে। চট্টগ্রামের বিভিন্ন স্থানে সাড়া জাগানো অনেক অপারেশনে অংশ নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা, প্রাণের মায়া ছেড়ে হরণ করেছিলেন হানাদারের প্রাণ। লিখেছেন নাসির উদ্দিন হায়দাররফিকের রক্তে লাল আইস ফ্যাক্টরি সড়কবাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) ও শহর জয় বাংলা বাহিনীপ্রধান মৌলভি সৈয়দ আহমদ, ডা. মাহবুব, আবদুল্লাহ আল হারুন, ডা. জাফর প্রমুখ মিলে চট্টগ্রাম স্টেট ব্যাংকের কোষাগার লুটের পরিকল্পনা করেন। অপারেশনের সার্বিক দায়িত্ব দেওয়া হয় ডা. মাহবুবকে, আর দলনেতা নির্বাচন করা হয় ডা. জাফর উল্লাহকে। ১ নভেম্বর ১৯৭১। সকাল ১০টা। পরিকল্পনামতো গাড়িতে উঠলেন ডা. জাফর, ফজলুল হক, শফিউল বশর, অমল মিত্র ও সৈয়দ রফিক। চালকের আসনে ভোলানাথ। মুক্তিযোদ্ধাদের গাড়িটি এসে থামল জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সামনে। চালক ভোলানাথ আসন থেকে নেমে গাড়ির ইঞ্জিন পরীক্ষা করতে লাগলেন। অন্যদের চোখ পথের দিকে, শিকারের সন্ধানে। অনেকক্ষণ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত গাড়িটি এল না। শেষ পর্যন্ত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন মুক্তিযোদ্ধারা। দলনেতা ডা. জাফর নিউমার্কেটের সামনে নেমে যান। ‘দলনেতা নেমে যাওয়ার পর রফিক যেন অন্য রকম হয়ে গেলেন, পাগলের মতো শিকার খুঁজতে লাগলেন। তাঁকে বাধা দেওয়ার আর কেউ রইলেন না। আমরা তখন সবাই তরুণ। বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে। একটা অপারেশন সফল না হলে তখন আত্মহত্যার ইচ্ছা করত।’ মুক্তিযোদ্ধা অমল মিত্র এভাবেই বললেন তাঁর তখনকার অনুভূতি। রফিকের চাপে পড়ে সবাই অপারেশনের সিদ্ধান্ত নিলেন দলনেতা ছাড়াই। অমলদের গাড়িটি সদরঘাট কালীবাড়ী হয়ে আবার নিউমার্কেটের দিকে ঘুরে এল। হঠাৎ দেখা গেল অমরচাঁদ সড়কের মুখে আইডিয়াল বুক স্টলে এক পাকিস্তানি সেনা কর্মকর্তা দাঁড়িয়ে বইয়ের পাতা উল্টাচ্ছেন। রফিক নিচু স্বরে বলে উঠলেন ‘পেয়েছি!’ তবে নিউমার্কেটের পূর্ব দিকে চোখ পড়তেই বিহ্বল হলেন মুক্তিযোদ্ধারা। এ যে পাকিস্তানি সেনাদের কনভয়! স্পষ্ট দেখা যাচ্ছে পাঁচ-ছয়জন সেনাসদস্য দাঁড়িয়ে আছে। স্বয়ংক্রিয় চাইনিজ মেশিনগান হাতে। তাই এক মুক্তিযোদ্ধা বললেন, অপারেশনটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আর তখনই রফিক সতীর্থদের উদ্দেশে বলে উঠলেন ‘তোরা সব ভীতু হয়ে গেছিস, অপারেশন করতে পারিস না।’ রক্ত গরম হয়ে উঠল মুক্তিযোদ্ধাদের, সবাই সিদ্ধান্ত নিলেন শেষ করে দিতে হবে ওই পাকিস্তানি সেনাকে। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হলো, রফিক ও শফিউল বশর সরাসরি অপারেশনে অংশ নেবেন। অমল ও ফজলু তাঁদের কাভার দেবেন। অস্ত্রশস্ত্র বলতে চারটি রিভলবার, দুটি সাব মেশিনগান ও চারটি গ্রেনেড। যেই কথা সেই কাজ, বিদ্যুতের গতিতে লক্ষ্যস্থলের কাছাকাছি চলে গেলেন রফিক ও শফিউল বশর। কিছু বুঝে ওঠার আগেই গুলি চালালেন পাকিস্তানি সেনার বুকে। কেড়ে নিলেন রিভলবারটিও। মিনিট দেড়েকের মধ্যেই অপারেশন শেষ। কিন্তু পাশের মিলিটারি কনভয়ে বসা সৈন্যরা সব বুঝে গেছেন। তাঁরা মুহূর্তেই আক্রমণ শুরু করে দিলেন। রফিক ও শফিউল বশর গোলাগুলির মধ্যে উঠে পড়লেন গাড়িতে। গাড়ি চলতে লাগল আইস ফ্যাক্টরি সড়কের দিকে। ভোলানাথ খুব দক্ষতার সঙ্গে গাড়ি চালাচ্ছেন। সিটি কলেজ ফটক পেরিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মূল ফটকের সামনে আসামাত্র অমলদের গাড়িতে ব্রাশ ফায়ার করল পাকিস্তানি সেনারা। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি চালাতে লাগলেন। শত্রুপক্ষের কাছে ভারী অস্ত্রশস্ত্র। দেখতে দেখতে শত্রুদের কনভয়টি মুক্তিযোদ্ধাদের গাড়ির ৩০ গজ পেছনে চলে এল। এর মধ্যে হঠাৎ করে সামনে এসে পড়ল পাকিস্তানি সেনাদের আরও একটি কনভয়। দুদিকে শত্রু। মাঝখানে মুক্তিযোদ্ধারা। একের পর এক ব্রাশ ফায়ার, শহীদ হলেন রফিক, গুলিবিদ্ধ হলেন শফিউল বশর ও চালক ভোলানাথ। গাড়িটিও কাত হয়ে গেল। এমন পরিস্থিতিতেও দমলেন না মুক্তিযোদ্ধারা। অমল ফজলুকে বললেন, মেশিনগান দিয়ে সামনের গাড়িতে ব্রাশ ফায়ার করার জন্য। আর অমল নিজেই পেছনের গাড়িতে গ্রেনেড চার্জ শুরু করলেন। মুক্তিযোদ্ধাদের এ পাল্টা আক্রমণে হতভম্ব হয়ে গেল পাকিস্তানি সেনাদল। অমল গাড়ি থেকে বের হয়ে গুলি চালাতে চালাতে পাশের গলিতে ঢুকে পড়লেন। আশ্রয় নিলেন ফরিদ মেম্বারের বাড়িতে। আহত হয়েও সাফল্যজনক পশ্চাৎপসারণ করলেন ফজলু ও ভোলানাথ। গুরুতর আহত অবস্থায়ও হাতের মেশিনগানটি দিয়ে অবিরাম গুলি চালালেন শফিউল বশর। একসময় ধরা পড়লেন পাকিস্তনি সেনাদের হাতে। (১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করেন)। কৈবল্যধামে বিধ্বস্ত হলো হানাদারের পেট্রোল ট্রেনসাড়ে ১৮ বছরের তরুণ রইসুল হক বাহার এসে রিপোর্ট করলেন বাংলাদেশ লিবারেশন ফোর্স কর্ণফুলী কমান্ডের (কেসি) নেতা মাহফুজুর রহমানের (পরবর্তীকালে চিকিৎসক) কাছে। হয়ে গেলেন কেসি-৪-এর একজন গেরিলাযোদ্ধা। মাহফুজদের আশ্রয়স্থল ছিল মোগলটুলীর কবির তোরণে। অক্টোবরের মাঝামাঝিতে কাট্টলীর চৌধুরীবাড়িতে গিয়ে লজিং (জায়গির) থাকলেন বাহার। রাতে বাচ্চাদের পড়ান। আর স্থানীয় মুক্তিযোদ্ধা শফি ও মুসাকে নিয়ে প্রতিদিন বিকেলে বের হন তিনি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে শুভপুর সেতু পর্যন্ত চলাচলকারী পাকিস্তানি সেনাদের পেট্রল ট্রেনে অপারেশন করতে হবে। এ কারণে বাহারকে পাহাড়তলী থেকে কাট্টলীতে গিয়ে আশ্রয় নিতে হয়।কৈবল্যধাম স্টেশনের পরে কর্নেলহাটের ৫০০ গজ উত্তরে ছোট্ট একটি সেতু আছে। ওই সেতুকে অপারেশনস্থল হিসেবে টার্গেট করলেন গেরিলারা। পরিকল্পনার খুঁটিনাটি জানানো হলো দলনেতা মাহফুজকে। তিনি অনুমতি দিলেন। অপারেশনের জন্য অস্ত্র দেওয়া হলো দুটি এসএমজি, ৬০টি গুলি, প্রয়োজনীয় পরিমাণ বিস্ফোরক, টিঅ্যান্ডটি স্ল্যাব, জিসি স্ল্যাব, প্রাইমার ও কডেক্স। সহযোদ্ধা হিসেবে পেলেন ভারতের হাফলং প্রশিক্ষণ ক্যাম্পের সহকর্মী তোফাজ্জল ও আনোয়ার এবং স্থানীয়ভাবে রিক্রুট করা চারজন—ইমতিয়াজ উদ্দীন পাশা, চৌধুরী বেলায়েত আলী বেলা, বাদল (জহুর আহমদ চৌধুরীর ভাইপো) ও মুসা। দলপ্রধান রইসুল বাহার দেখলেন, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ট্রেনটি কৈবল্যধাম স্টেশনে পৌঁছায়। তাই পাঁচটার মধ্যেই অপারেশনস্থলে পৌঁছাতে হবে। ২৯ অক্টোবর, শুক্রবার। কর্নেলহাটে বাজার বসেছে। অসংখ্য মানুষ। এরই মধ্যে ছয় মুক্তিসেনা রওনা দিলেন ভয়ংকর এক অপারেশনে। সবার হাতে একটি করে থলে, আর তাতে লুকানো আছে বিস্ফোরক, এসএমজি। শুধু দলনেতার হাতে কিছু নেই, কোমরে আছে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। ঠিক সাড়ে পাঁচটায় লক্ষ্যবস্তুর (টার্গেট) সেতুর কাছে পৌঁছে গেলেন গেরিলাদলটি। প্রস্তুতি শুরু হলো। ঠিক সেই সময়ে তাঁরা দেখলেন বহু আকাঙ্ক্ষিত সেই ট্রেন কৈবল্যধাম স্টেশনে। সাড়ে ছয়টার ট্রেন—ছয়টায় কেন? ধন্দে পড়ে গেলেন গেরিলারা। দলনেতা বাহারের কপালে ভাঁজ পড়ল-এখন ট্রেন যদি ছেড়ে দেয় তাহলে গোটা অপারেশন ব্যর্থ হয়ে যাবে। তবে ট্রেনটি স্টেশনে কিছুক্ষণ দাঁড়ালে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হতে পারে। হ্যাঁ, ট্রেনটি নড়ছে না, স্টেশনে দাঁড়িয়েই আছে। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলেন বাহার। চার সহযোদ্ধাকে নিয়ে কাজে লেগে গেলেন। দুজন পাহারায় থাকলেন। সেতুর গার্ডারে বিস্ফোরক লাগিয়ে তা রেললাইনসহ মোড়ানো হলো। রেললাইনের খাঁজেও স্থাপন করা হলো। এতে রেললাইনসহ গার্ডার ভেঙে পড়বে, লাইনচ্যুত হবে ট্রেন। উত্তর-দক্ষিণমুখী রেললাইনের পশ্চিমের রেলে বিস্ফোরক লাগানো হলো। তাড়াহুড়ার কারণে সবকিছু মনমতো হয়নি দলনেতার। তবে এতেই যে কাজ হবে সেটা বুঝে নিতে সময় লাগেনি তাঁর। পরিকল্পনা মতো সহযোদ্ধারা সরে গেলেন। রেললাইনের পশ্চিম পাশের ধানখেতে ঝোপের আড়ালে অপেক্ষা করতে লাগলেন রইসুল হক। সূর্য তখন অস্তাচলে। ট্রেনটি ধীরগতিতে চলতে শুরু করেছে। বাহার যেন নিঃশ্বাস ফেলতেও ভুলে গেছেন। রয়েছেন শিকারের অপেক্ষায়। বাহারের হাতে থ্রেডটা। এটা হলো নাইলনের মতো অনেক লম্বা। প্রায় ১০০ হাত দূরে পুল সুইচ বসানো হয়েছে। এক সপ্তাহের পর্যবেক্ষণে তাঁরা নিশ্চিত হয়েছিলেন, ট্রেনের মাথায় দুটি ডামি বগি আছে। যেহেতু সেনাবাহিনীর পেট্রল ট্রেন, যেকোনো সময় আক্রান্ত হতে পারে তাই এটা একটা কৌশল। আক্রান্ত হলে ধ্বংসযজ্ঞটা যাতে ওই ডামি বগির ওপর দিয়ে যায়। কিন্তু ভুল করলেন না বাহার। ধানখেত থেকে শিকারির চোখে দেখলেন, ট্রেন সেতুর ওপর উঠেছে, ডামি বগি দুটি সেতু পেরিয়ে যাওয়ার পরই চাবি (সুইচ) টিপলেন বাহার। কিছুক্ষণ পর সেতুর গার্ডার ও রেললাইনজুড়ে স্থাপন করা বিস্ফোরক প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো। বাহার অবাক চোখে দেখলেন সেতুর গার্ডার ও রেললাইন ভেঙে গেছে। রেললাইনের পাথরের টুকরাগুলো আগুনের ফুলকির মতো বাতাসে উড়ছে। আর ট্রেনের কয়লার ইঞ্জিন দুভাগ হয়ে বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল ছড়ার পানিতে, বগিগুলো প্রথমে স্টেশনের পশ্চিমের একটি খেজুরগাছের ওপর পড়ে, পরে গাছসহ ধানখেতে পড়ে যায়। পাক হানাদারদের অনেকে কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আহতদের আর্তচিৎকার শোনা যায়। ‘আগুন দেখার পর আমি ধানখেতের আল দিয়ে দৌড়াতে গিয়ে ডিগবাজি খেয়ে উঠে গেলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। তখন কর্নেলহাটের শত শত মানুষ ভয়ে পাগলের মতো ছুটছেন। আমিও তাঁদের একজন হয়ে গেলাম।’ বললেন রইসুল হক বাহার। ওই অপারেশন ছিল শতভাগ সফল। এতে কমপক্ষে শতাধিক পাকিস্তানি সেনা মারা যান। আহত হন অনেকে। একটি পুরো পেট্রল ট্রেনসহ তাঁদের সব অস্ত্রশস্ত্র নষ্ট হয়ে যায়।