প্রাণের উচ্ছ্বাসে সারা বেলা

তখন বেলা তিনটা। মঞ্চে উঠলেন প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন। নিজেদের সুদর্শন ও সুন্দরী মনে করেন এমন তরুণ-তরুণীদের মঞ্চে ডাকলেন তিনি। মুহূর্তেই ১৭ জন তরুণ-তরুণী হাজির মঞ্চে। এরপর শুরু হলো এঁদের মধ্যে সেরা নির্বাচনের লড়াই। ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ গানের সঙ্গে নাচ শুরু করলেন সবাই। চার দফা বাছাই শেষে মঞ্চে রইলেন ছয়জন তরুণ-তরুণী। এবার এঁদের মধ্যে শুরু হলো হাড্ডাহাড্ডি লড়াই। শেষে সেরাদের বাছাইয়ের ভার দেওয়া হলো পাঁচ সদস্যের বিচারক প্যানেলের ওপর। তবে শর্ত ছিল, দর্শকদের রায় পছন্দ না হলে বিচারকদেরই নাচতে হবে মঞ্চে। ভেবেচিন্তে রায় দিলেন বিচারকেরা। কিন্তু বিধি বাম! এ রায় মেনে নিল না কেউই। অগত্যা বাধ্য হয়েই মঞ্চে গিয়ে নাচলেন পাঁচ বিচারক বিশ্বজিৎ চৌধুরী, জান্নাতুল বাকি, অরুণ কুমার বিশ্বাস, সজল চৌধুরী ও এ টি এম শাহজাহান। আর হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেরা সুদর্শন ও সুন্দরী নির্বাচিত হলেন চট্টগ্রাম বন্ধুসভার হাবিবুর রহমান ও সোনিয়া আক্তার।
এমন আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গত শুক্রবার শেষ হলো চট্টগ্রাম বিভাগীয় বন্ধু উৎসব ২০১৩। ‘সবারে বাসিব ভালো’ স্লোগানে এবারের বন্ধু উৎসবের আসর বসেছিল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
কক্সবাজার, কক্সবাজার মেডিকেল কলেজ, পটিয়া, কাপ্তাই, বান্দরবান, রাঙামাটি, ফেনী, মিরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এনায়েত বাজার মহিলা কলেজ, খুলশী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিভাগের ১৩টি বন্ধুসভার প্রায় ৪০০ বন্ধু অংশ নেয় বর্ণিল এ আয়োজনে। বন্ধু উৎসবের আয়োজক ছিল চট্টগ্রাম বন্ধুসভা।
নিবন্ধন শেষে সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এরপর মিলনায়তনের মূল মঞ্চে ‘বদলে যাও বদলে দাও’ শিরোনামের সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর ফাঁকে ফাঁকে কথামালা নিয়ে মঞ্চে আসেন মনোচিকিৎসক মোহিত কামাল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, উপপরিচালক (জনসংযোগ ও মিডিয়া) ফিরোজ আলম ও চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি সঞ্জয় বিশ্বাস। বন্ধুসভার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশনের পরিচালনায় বন্ধুদের অংশগ্রহণে ক্যাটওয়াক প্রতিযোগিতাটি ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় পর্বের শুরুতে ‘প্রাণের উচ্ছ্বাসে বন্ধুত্বের আহ্বান’ শিরোনামের প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এরপর ছিল বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা। চট্টগ্রাম বন্ধুসভা গত এক বছরের কর্মকাণ্ড নিয়ে পর্দায় দেখানো হয় প্রামাণ্যচিত্র। সবশেষে ছিল উৎসব স্মারক প্রদান। উৎসব সহযোগিতায় ছিল ওয়ালটন ও নেসলে বাংলাদেশ।


