প্রাণের উৎসবে আনন্দের ফোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তপ্ত দিনে প্রশান্তির সাদা আর উৎসবের লাল—দুয়ে মিলে লাল-সাদা বৈশাখী রং। মেয়েদের পরনে শাড়ি, সালোয়ার-কামিজ। পায়ে আলতা, হাতে মেহেদি, খোঁপায় তাজা ফুলের মালা। ছেলেদের পরনে নকশা করা পাঞ্জাবি-ফতুয়া। অনেকের পরনে ছিল ধুতি-পাঞ্জাবিও। শুধু পোশাকে বাঙালিপনা নয়, বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্যাপন করেছেন নগরের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শোভাযাত্রা, নাচ-গান, আবৃত্তি আর আড্ডার আনন্দে মেতে ছিলেন সবাই। প্রাণের উৎসবে যেন চারদিকে আনন্দের ফোয়ারা।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়ন্সেস বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসজুড়ে দিনভর ছিল নানা আয়োজন। চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রবর্তক মোড় ক্যাম্পাসে। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এ সময় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ইফতেখার উদ্দিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় নগরের রূপনগর কমিউনিটি সেন্টারে। আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সকাল সাড়ে দশটায় বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে কমিউনিটি সেন্টারে। এ ছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে নগরের মেলা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। সব আয়োজনে ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র শহীদুল মোস্তফা বলেন, ‘ক্যাম্পাসে অনুষ্ঠান মানে অন্য রকম মজা। পয়লা বৈশাখে বন্ধুদের সঙ্গে সারা দিন আড্ডায় মেতে ছিলাম।’নগরের আগ্রাবাদে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছিল নানা আয়োজন। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সিকান্দার খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। এরপর গানে গানে কাটে সারাবেলা। গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থী ঈশিতা বড়ুয়া বলেন, ‘সব বন্ধু-বান্ধবী মিলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে দিনভর মজা করেছি। অন্য রকম একটি দিন কাটালাম।’সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও সেজেছিল বর্ণিল সাজে। সকাল থেকে জমে ওঠে মেলা। বিভিন্ন বিভাগের উদ্যোগে বসে স্টল। সব স্টলেই ছিল নানা রঙের বৈশাখী কাপড়, পান্তা-ইলিশ ও পিঠা। শিক্ষার্থীরাও ঘুরে ঘুরে বিভিন্ন স্টলের পিঠা-পুলি খেয়ে মেতে ওঠেন বৈশাখের আনন্দে। তবে সবচেয়ে বেশি ভিড় ছিল ফার্মেসি বিভাগের স্টলে। এ বিভাগের শিক্ষার্থীরা প্রকাশ করেন দেয়ালিকা ‘আত্মপ্রকাশ’। ফার্মেসি বিভাগের ছাত্রী তাসনিয়া আনোয়ার বলেন, ‘প্রতিবার নগরের ডিসি হিল কিংবা শিল্পকলার অনুষ্ঠানে যেতাম। এবার পুরো দিন কাটিয়েছি ক্যাম্পাসে।’চট্টগ্রাম কলেজে এবার বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ ‘বৈশাখী উৎসব’ আয়োজন করে। গত শনিবার সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। শোভাযাত্রায় কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও কলেজের কর্মচারীরা অংশ নেন। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয় কলেজের লিচুতলায় এসে। এখানে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক শেখর দস্তিদার। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজনে দেশাত্মবোধক, রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশিত হয়। চট্টগ্রাম কলেজের বৈশাখী উৎসব দেখতে ভিড় করেছিলেন নগরের বাসিন্দারাও। উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়।