প্রাণের ক্যাম্পাসে ফেরা

প্রায় তিন মাস পর ফেরা। ক্লাস, আড্ডা, বন্ধুদের হুল্লোড়—যেন প্রাণ ফিরল ক্যাম্পাসে। বন্ধুকে কাছে পেয়ে সেকি উচ্ছ্বাস। মুঠোফোনে বন্ধুদের সঙ্গে হাজারো কথা হলেও সামনাসামনি দেখার অনুভূতিই ছিল অন্য রকম। আর তাই কথা যেন ফুরাতেই চাইছে না। তিন মাসের জমে থাকা কথার ডালি খুলে বসেছিলেন সবাই। আড্ডার ফাঁকে চলছিল ঈদের শুভেচ্ছা বিনিময় আর খুনসুটি। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) খোলার প্রথম দিন পুরো ক্যাম্পাসের চিত্র ছিল এ রকম।
রাষ্ট্রপতি মনোনীত স্থায়ী উপাচার্য নিয়োগসহ বিভিন্ন দাবি নিয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৮ মে থেকে বন্ধ ছিল ইউএসটিসি। আন্দোলনে দুই মাস ২১ দিন অচল থাকার পর ১০ আগস্ট থেকে খুলেছে বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে ক্লাস-পরীক্ষাসহ শ্রেণি কার্যক্রম না হলেও হয়েছে সব বিভাগের দাপ্তরিক কার্যক্রম। শ্রেণি কার্যক্রম শুরুর ঘোষণা থাকায় প্রথম দিনেই ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা। ক্লাসের তাড়া না থাকায় মেতে ওঠেন আড্ডায়। তবে গত সোমবার থেকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পুরোদমে শুরু হয়েছে ক্লাস-পরীক্ষা।
গত মঙ্গলবার সকালেও ইউএসটিসিতে গিয়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের সবকটি বিভাগে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাস চলছে। কয়েকটি বিভাগে নেওয়া হচ্ছিল পরীক্ষা। এ ছাড়া ছাত্রছাত্রীদের আড্ডায় সরব ছিল ক্যাম্পাসের বিভিন্ন চত্বর। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বসেছিল জমজমাট আড্ডার আসর। ক্যাফেটেরিয়াতে আড্ডায় ব্যস্ত ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাজিয়াত প্রতিভা, মৌটুসী বণিক, পূজা ভৌমিক ও রুবাইয়াৎ হক। চার বান্ধবীরই এক কথা—‘তিন মাস পর আবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আমরা। কী যে আনন্দ লাগছে, বলে বোঝাতে পারব না।’ ইউএসটিসির প্রকৌশল অনুষদের ক্যাম্পাস মূল ক্যাম্পাস থেকে কিছুটা দূরে হলেও আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না। এ অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিন, রেহেনুমা নাইরীন, রাফিউল ইসলাম ও নাভিলা ফারজানা। তাঁরা বলেন, ‘রোববার ক্লাস না হলেও আমরা সবাই এসেছিলাম ক্যাম্পাসে। সেদিন ছিল শিক্ষক-শিক্ষার্থীদের অঘোষিত পুনর্মিলনী। তবে সোমবার থেকে ক্লাসের পাশাপাশি আড্ডায় কেটেছে সময়।’
বিশ্ববিদ্যালয় খোলার পর থেকে ওয়ার্ড আর লেকচার ক্লাস করেই দিন কাটছে জানালেন এমবিবিএসের শিক্ষার্থী তৌয়াসিম আহমেদ চৌধুরী। তবে পড়াশোনার ফাঁকে আড্ডাবাজিও দারুণ জমছে বললেন এমবিবিএসের শিক্ষার্থী সানি ফারুক। দীর্ঘ সময় ধরে চলে আসা আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা প্রসঙ্গে ইউএসটিসির ভারপ্রাপ্ত উপাচার্য মো. রেজাউল করিম বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীদের সব দাবি কর্তৃপক্ষ মেনে নেওয়ায় রোববার থেকে ক্যাম্পাসে আগের চেহারা ফিরে এসেছে। ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ দেখে আমারও ভালো লাগছে। দীর্ঘদিন বন্ধ থাকায় যে ঘাটতি হয়েছে, তা পূরণে সবাই আপ্রাণ চেষ্টা করছে।’