ভরা বসন্তে হালকা হিমের পরশ বুলিয়ে দিতেই বুঝি ঝরল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুপুর গড়িয়ে বিকেল হতেই বৃষ্টি উধাও। এমন মনোরম আবহাওয়াই তো সংগীতের সুরে ভেসে যাওয়ার জন্য উপযুক্ত। হলোও সেটাই। লোকগানের সুরে গা ভাসালেন তাঁরা।
স্থানটি যদি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তবে তার সৌন্দর্যের কথা নতুন করে না বললেও চলে। পাহাড় ঘেরা এমন ক্যাম্পাসেই তো সংগীতের ফল্গুধারাই বইবার কথা। গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে যেন সে কথা রাখল অনিন্দ্যসুন্দর এই ক্যাম্পাস। লোকগানের আসরে ব্যবধান ঘুচে গেল শিক্ষার্থী ও শিক্ষকদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে অস্থায়ী মঞ্চে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘সব্যসাচী’ আয়োজন করেছিল এই সংগীতের আসরের। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঙাল মিঠুন ও মাসুমা রায়হানা। অনুষ্ঠানে গান গাইলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষকেরা।
‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন’— লালনের এই গানটি দিয়ে সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক হানিফ মিয়া শুরু করেন আসর। এই গানের পর লালনের গানের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে কথা বলেন তিনি। ‘সহজ মানুষ/ ভজে দেখ নারে মন/ দিব্যজ্ঞানে’ শুনিয়ে হানিফ মুগ্ধ করেন শ্রোতাদের। লালনের গানের পর মোকছেদ সাঁইয়ের ‘আন কথা নিয়ে মান করা ভালো নয়’ গানটিও গেয়ে শোনান তিনি। এরপর মঞ্চে আসে গানের দল ‘গন্তব্য’। তাঁরা পরিবেশনা করেন ‘জাত গেল জাত গেল বলে’, ‘সোনার ময়না পাখি’ ও ‘মিলন হবে কত দিনে’।
গন্তব্যের পর ‘কালারে কইরো গো মানা’ শিরোনামে গান পরিবেশন করে ব্যান্ডদল—‘অজানা উড়ন্ত বস্তু’। তারা আরও গাইল মৈমনসিংহ গীতিকার ‘নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা’। এরপর গাইলেন লালনের গান ‘বলো স্বরূপ কোথায় আমার/ সাধের প্যারি’। ভালো লেগেছে জোবায়ের গান। তিনি পরিবেশন করেন ‘মন আমার দেহঘড়ি’ ও ‘বাড়ির কাছে আরশিনগর’।
গানের এক ফাঁকে সংগঠনের পক্ষ থেকে পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেন সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান ও সহসম্পাদক ইফফাত আরা ইলিয়াস। এরপর গানের ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্য নিয়ে আসে গানের দল বাউণ্ডুলে। ‘আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে’ জনপ্রিয় এই গানে শুরু এই দলের শিল্পীদের পরিবেশনা। এরপর ছিল ‘উড়ছি কেন কেউ জানে না’ ও ‘তোরে মন দিয়া আগুন জ্বালাইছে’—এ দুটি মন মাতানো গান।
বাউণ্ডুলের বাউণ্ডুলেপনার পর এলেন অন্তু। তিনি গাইলেন ‘মনে বাবলা পাতার কষ লেগেছে’, ‘রাত পোহালে পাখি বলে/ দেরে খাই/ দেরে খাই’, ‘আমি যারে বাসি ভালো’, ‘এই সব দেখি/ কানার হাট বাজার’ ও ‘অনুরাগের বিনা বাজিয়ে’।
শাকেরা শিমু উদাসী কণ্ঠ যেন বিরহ বাড়িয়ে দিল দর্শক-শ্রোতাদের। তিনি গাইলেন ‘কি জ্বালা দিয়ে গেলা মোরে’। এরপর অয়ন পরিবেশনা করেন ‘খাঁচার ভিতর অচিন পাখি’। নামেই পরিচয়। তাই সবার শেষেই ছিল ব্যান্ডদল ‘দা লাস্ট শো’–এর পরিবেশনা। ‘এই পাগলের ভালোবাসাটুকু নিও’—তাঁদের এই গান যেন আহ্বান হয়ে ছড়িয়ে পড়ল। আর ভালোবাসা নিয়েই ক্যাম্পাস থেকে ফিরলেন শিক্ষার্থীরা।