প্রাণের ক্যাম্পাসে সমাবর্তন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবর্তনে বন্ধুকে কাছে পেয়ে সেলফি তোলায় ব্যস্ত তিন প্রাক্তন ছাত্রী l প্রথম আলো
সমাবর্তনে বন্ধুকে কাছে পেয়ে সেলফি তোলায় ব্যস্ত তিন প্রাক্তন ছাত্রী l প্রথম আলো

সবার পরনে গাউন ও মাথায় গ্র্যাজুয়েশন ক্যাপ। কর্মব্যস্ত জীবন থেকে এক দিনের ছুটি নিয়ে ফিরে এসেছেন পুরোনো ক্যাম্পাসে। তাঁরা সবাই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক। ১৪ মার্চ চুয়েটের তৃতীয় সমাবর্তনে উপলক্ষে জড়ো হয়েছিলেন ক্যাম্পাসে। বহুদিন পর আবারও উচ্ছ্বাস-আনন্দে কেটেছে একটি দিন। প্রিয় ক্যাম্পাসে পা দিয়ে আবারও যেন বিশ্ববিদ্যালয়জীবনের সেই মধুর দিনগুলোতে ফিরে গেলেন তাঁরা।
চার বছর এই ক্যাম্পাসেই কেটেছে তাঁদের। অ্যাকাডেমিক ভবন থেকে ক্যানটিন সবখানেই ছিল পদচারণ। ক্যাম্পাসে মিলিত হওয়ার এই উপলক্ষটা তাই অনেককে ফিরিয়ে নিয়ে গেল অতীতে। অনেকে এই সুযোগে ছাত্রাবাসের যে কক্ষটিতে থাকতেন, সেটি দেখে এলেন। কেউবা ক্যানটিনে গেলেন চায়ের স্বাদ নিতে।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল কঠোর নিরাপত্তা। তবু তরুণ প্রকৌশলীদের উচ্ছ্বাস তাতে একটু কমেনি। প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দী করার জন্য ক্ষণে ক্ষণে সেলফি তোলায় মেতে উঠছিলেন সবাই।
৪০তম ব্যাচের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘ভেবেছিলাম, ক্যাম্পাসের সেই দিনগুলো আর কখনোই আসবে না। কিন্তু সমাবর্তনকে কেন্দ্র করে আজ এক দিনের জন্য হলেও সেই সময়টাকে আবার ফিরে পেয়েছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
বড় ভাইদের কাছে পেয়ে এখনকার শিক্ষার্থীরাও আপ্লুত। বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী তামজিদুল ইসলাম বলেন, ‘আমরা যখন প্রথম বর্ষে, তখন শেষ বর্ষের অনেক শিক্ষার্থীর সঙ্গে সখ্য হয়। তাঁরা সবাই এখন পেশাগত জীবনে ঢুকে পড়েছেন। আজ তাঁদের দেখে খুব ভালো লাগছে।’
বেলা একটায় কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন উৎসবের মূল আয়োজন শুরু হয়। রাষ্ট্রপতি তাঁর ভাষণে স্নাতকদের উদ্দেশে বলেন, প্রকৌশলীরা উন্নয়নের কারিগর। তাঁদের অর্জনে দেশবাসীর অবদান রয়েছে, এই কথাটা যেন ভুলে না যান। অসত্য ও অন্যায়ের কাছে তাঁরা যেন কখনো মাথা নত না করেন। তিনি মেধা–মননের মাধ্যমে দেশ ও জনগণকে প্রতিদান দেওয়ার জন্য স্নাতকদের প্রতি আহ্বান জানান।
সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি দেওয়া হয় ৩ হাজার ৬০৩ জনকে। কৃতিত্বপূর্ণ ফলের জন্য স্বর্ণপদক দেওয়া হয় চারজনকে। সনদ প্রদানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় টুপি ওড়ানো ছবি আর সেলফি তোলার পালা। গোলচত্বর এলাকায় চলতে থাকে স্নাতকদের উচ্ছ্বাস।
সন্ধ্যা হতেই অন্ধকারের মতোই যেন বিষাদ নামতে থাকে। বিদায়ের ক্ষণ বুঝি আসন্ন। রাতে কনসার্টের মধ্য দিয়ে শেষ হয় সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন। এই আয়োজনের মধ্য দিয়ে অনেকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সম্পর্কও চুকে গেল। তবু নানা উপলক্ষে বারবার ফিরে আসতে হবে তাঁদের এই ক্যাম্পাসে।