প্রাণের টানে মিলল সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের চারপাশে গাছপালা। মাঝখানে বড় পুকুর। রংবেরঙের বাতির আলোয় রঙিন হয়ে উঠেছে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। একদল গাইছে, আরেক দল নাচছে। কেউ কেউ হারিয়ে গেছেন সোনালি স্মৃতির রাজ্যে। কুয়াশার চাঁদরে মোড়া পৌষের মধ্যরাতেও চলছিল ছাত্র-শিক্ষক ও সহপাঠীদের মধ্যে তুমুল আড্ডা।
গত ২৬ ডিসেম্বর রাতে হাটহাজারীর ১২৩ বছরের পুরোনো ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এভাবে মেতেছিলেন নবীন ও প্রবীণেরা।
১৯৭০ সালে এই বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করা মো. সোলায়মান পুনর্মিলনী অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘কত স্মৃতি এই স্কুলকে ঘিরে! একবার বিদায় অনুষ্ঠানের জন্য মিষ্টি আর জিলাপি কেনার দায়িত্ব পেয়েছিলাম কয়েকজন। সেখান থেকে কিছু জিলাপি চুরি করে একটি গাছের ভেতর লুকিয়ে রাখি। পরদিন দেখি, জিলাপির প্যাকেটে পিঁপড়া ছাড়া কিছুই নেই।’ ১৯৬৩ সালে পাস করা গাজী শামসুল আলম বলেন, ‘যখনই বিদ্যালয়ের পাশ দিয়ে কোথাও যাই, তাকিয়ে থাকি। আর স্মৃতির রাজ্যে হারিয়ে যাই।’
মিলনমেলা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, চা চক্র, ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজারেরও বেশি নবীন ও প্রবীণ শিক্ষার্থীর অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে।
পৌষের কুয়াশাঘেরা শীতের রাতে আড্ডা দিতে দেখা গেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরীকেও। বিদ্যালয়ের পুকুরপাড়ে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমাদের বিদ্যালয়ে লোহালক্কড়ের কাজ নামের একটি কোর্স ছিল। পুকুরের দক্ষিণপাড়ের একটি ভবনে সেই কোর্সের ক্লাস হতো। ওই সময়ে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও ফতেয়াবাদ স্কুলে এই কোর্সটি ছিল। ব্যবহারিক ক্লাসের শিক্ষক মিলন সরকারের সঙ্গে শিক্ষার্থীদের নানা খুনসুটির কথা আজও ভুলিনি।’
মিলনমেলার প্রধান আকর্ষণ ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ ক ম ফজলুল হক পাশা। প্রিয় শিক্ষককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক প্রাক্তন শিক্ষার্থী। তাঁরা বলেন, আ ক ম ফজলুল হক পাশা অনেক শিক্ষার্থীকে বই-খাতা কেনার টাকা দিয়েছিলেন। লেখাপড়ায় দুর্বল যারা, তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে পড়া বুঝিয়ে দিতেন। তাঁর কারণেই এই বিদ্যালয় এত দূর এসেছে।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে সাড়া দিলেন সাবেক প্রধান শিক্ষক আ ক ম ফজলুল হক পাশাও। তিনি বলেন, ‘পুরোনো ছাত্রদের দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে আবার পুরোনো দিনে ফিরে গেছি।’
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মির্জা ইমতিয়াজ, এস এম আসাদ, আবু সালেহ, আজিজুর রহমান, মুরাদ ফসিউল, নুরুল আক্তার, আরশাদুল আলম, কামরুল হাসান, রায়হান মুরাদ, আবু সায়েম, গাজী আক্কাস প্রমুখ।
মিলনমেলার অন্যতম উদ্যোক্তা গাজী সাদেক বলেন, ‘১২৩ বছরের পুরোনো এই বিদ্যালয় থেকে বহু শিক্ষার্থী পাস করে বেরিয়েছেন। তাঁদের সবাইকে একটি আসরে এক করার ইচ্ছা আছে ভবিষ্যতে। এ জন্য সামনে আরও বড় আকারের অনুষ্ঠান করার পরিকল্পনা আছে আমাদের।’