প্রাণের তাগিদে

ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে দাসিয়ারছড়ায় (সাবেক ছিটমহল) কুড়িগ্রাম বন্ধুসভা শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুরা কৃষকের ধান কেটে দিয়েছেন। শুধু তা-ই নয়, সে ধান মাথায় করে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছেন। ধান মাড়াইও করে দিয়েছেন।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’-এর দুটি নমুনা। এমন নানা ধরনের কাজ করেছে প্রথম আলো বন্ধুসভা। সারা দেশের ৮৭টি জায়গায় হয়েছে এমন নানা ধরনের কাজ। চাঁদপুর বন্ধুসভা একটি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ৬৫০ জন রোগীর চিকিৎসাপত্র দিয়েছে।
কোনো বন্ধুসভা করেছে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান। কোনো বন্ধুসভা করেছে প্রতিবন্ধীদের নিয়ে আয়োজন।
সারা দেশ থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে অসংখ্য ছবি। বন্ধুদের ভালো কাজের সব ছবি আমরা ছাপতে পারব না সংগত কারণেই। কারণ, স্থানাভাব। বন্ধুরা তো আর প্রথম আলো পত্রিকায় ছবি ছাপার জন্য ভালো কাজ করেন না। করেন প্রাণের তাগিদে। বন্ধুদের এ কর্মসূচি দেখে নানা স্থানে পথচারীরা থমকে দাঁড়িয়েছেন। জানতে চেয়েছেন, এরা কারা?
বন্ধুদের মাথায় শুধু সমাজ-মানুষের ভাবনাই ছিল না। ছিল পাখিদের কথাও। তাই তো যশোর বন্ধুসভার বন্ধুরা পাখিদের থাকার জায়গা তৈরি করে দিয়েছেন, যাতে তারা থাকতে পারে। ডিম পাড়তে পারে। বাচ্চা ফোটাতে পারে। কত কত কাজ। কত ধরনের কাজ। বন্ধুরা আপনাদের সব ছবি আমরা বন্ধুসভার ফেসবুক পেজে দেব। আপনারা যা করেছেন সে জন্য বুকভরা ভালোবাসা জানাই।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ