>চলার পথে পরিচয় হয় অনেকের সঙ্গেই। এর মধ্যে কেউ কেউ হয়ে ওঠে নির্ভরতা আর আস্থার মানুষ। আনন্দে হই–হুল্লোড়, দুর্দিনে সাহায্যের হাত—সেই তো ভালো বন্ধু, পথচলার সঙ্গী। আজ বন্ধু দিবসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া পাঁচ তরুণ-তরুণী বলেছেন তাঁদের বন্ধুদের নিয়ে

স্কুলজীবনের বন্ধুত্ব সারা জীবনই থেকে যায়। বন্ধুত্বের সংজ্ঞা জানার আগেই আমি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ভর্তি হই ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে একে একে পরিচয় হয় টুপুর, শর্মী, শাওন, শান্তা, নিশি, শুভ্রা, কৃষ্টিদের সঙ্গে। ধীরে ধীরে জোটবদ্ধ হই আমরা।
স্মৃতিতে এখনো অমলিন সপ্তম শ্রেণিতে পড়ার সময় স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে নিয়ে জীবনের প্রথম বন্ধু দিবস উদ্যাপন। এরপর থেকে প্রতিবছর বিশ্ব বন্ধু দিবসে চলত নানা আয়োজন। ফ্রেন্ডশিপ বেল্ট কে কত সুন্দর করে বানিয়েছে, কার উপহারের কার্ডটা কত সুন্দর এই নিয়ে চলত প্রতিযোগিতা। তাই সবাই লুকিয়ে লুকিয়ে কার্ড বানিয়ে বন্ধু দিবসের দিনে চমকে দিতাম। আজও আমরা একসঙ্গে প্রতিবছর বন্ধু দিবস উদ্যাপন করি। আমরা যেন আত্মার বাঁধনে বাঁধা পড়েছি। আজীবন এই প্রাণের বাঁধন অটুট রাখার শপথ আজকের বন্ধু দিবসে।