
সবার পরনে গাউন, মাথায় হ্যাট। উৎসবের আমেজে চারদিক থেকে ভেসে আসছে ক্যামেরার ক্লিক, ক্লিক শব্দ। কেউ ব্যস্ত বন্ধুদের সঙ্গে দলবেঁধে ছবি তুলতে তো কেউ ব্যস্ত ‘সেলফি’ তোলায়, আর কেউ বা ব্যস্ত নিজের ছবি তোলায়। ক্যাম্পাস জীবনের প্রাণের সতীর্থদের স্মৃতির অ্যালবামে রাখতে এ ছবি তোলার হিড়িক। সেদিন মাঘের কুয়াশামাখা সকালটি এমনভাবেই শুরু হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘শাবাশ বাংলাদেশ’ চত্বরে।
শুধু ‘শাবাশ বাংলাদেশ’ চত্বরই নয়, ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর, প্যারিস রোড, পুরোনো ফোকলোর চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরসহ বিভিন্ন ভবনের সামনে সমাবর্তনের পোশাক পরা স্নাতকদের পদচারণে মুখর হয়ে ওঠে প্রিয় মতিহার চত্বর। সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতার আগে-পরে এভাবেই ছবি তোলা, আড্ডা, খুনসুটি আর স্মৃতি রোমন্থনে মেতে উঠেছিলেন স্নাতকেরা।
১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সভাপতিত্বে সমাবর্তন বক্তা ছিলেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য তালাত আহমদ। সমাবর্তনে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি কোর্সের ৪ হাজার ৭৭১ জনের মধ্যে সনদ দেওয়া হয়।