প্রাণের মাঝে আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাণের মাঝে আয়’ প্রদর্শনীর একটা চিত্রকর্ম।
‘প্রাণের মাঝে আয়’ প্রদর্শনীর একটা চিত্রকর্ম।

২১ বছর আগের কথা। তাঁরা সবাই একসঙ্গে পা ফেলেছিলেন একই বিদ্যাপীঠের আঙিনায়। কেবল এটুকু হলেই দুই দশক পরের পুনর্মিলনী আনন্দে ভরে উঠতে পারে। কিন্তু তাঁদের গল্পে আরেকটা বিশেষত্ব আছে। তাঁরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সম্মান প্রথম ব্যাচের ছাত্রছাত্রী। সেদিন একত্রে যে পথ চলা শুরু হয়েছিল, তা স্মরণীয় করে রাখতে ‘প্রাণের মাঝে আয়’ শিরোনামে এক যৌথ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায়।

আগামীকাল ৭ আগস্ট বেলা ১১টায় এ প্রদর্শনীর উদ্বোধন হবে। প্রদর্শনীর তারিখটিও বেছে নেওয়া হয়েছে চারুশিল্পে আনুষ্ঠানিক শিক্ষা শুরুর দিনটির কথা মনে রেখেই। ১৯৯৩ সালের এই দিনেই চারুকলায় ক্লাস শুরু হয়েছিল সম্মান প্রথম ব্যাচের (সেশন ১৯৯২-৯৩) ছাত্রছাত্রীদের।

চারুকলার সাবেক শিক্ষার্থী এই শিল্পীদের আয়োজনে সহযোগী হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আর অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সেই শিক্ষক-শিল্পীরাই, যাঁদের হাত ধরে একদিন হাতে রং-তুলি তুলে নিয়েছিলেন প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা। শিক্ষক-শিল্পীদের মধ্যে কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, সমরজিত্ রায় চৌধুরী, হাশেম খান ও শিশির ভট্টাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

‘প্রাণের মাঝে আয়’ প্রদর্শনীর একটা চিত্রকর্ম।
‘প্রাণের মাঝে আয়’ প্রদর্শনীর একটা চিত্রকর্ম।

আয়োজকদের পক্ষে শিল্পী তাহসীনা শাহীন প্রথম আলোকে বলেন, ‘বিষয় হিসেবে আমরা চিত্রকলা, ভাস্কর্য, ছাপচিত্র, কারুশিল্প, মৃিশল্প, প্রাচ্যকলা বা গ্রাফিক ডিজাইন যে যেই বিষয়েই লেখাপড়া করে থাকি না কেন, অনেকেই কিন্তু আর সুনির্দিষ্টভাবে ওই বিষয়ে থাকিনি। তবে আমাদের বেশির ভাগই পেশাগত ক্ষেত্রে শিল্পী হিসেবেই কাজ করে যাচ্ছেন এবং ব্যক্তিগতভাবেও শিল্পচর্চা করছেন। তাই পুনর্মিলনীর দিনে আমরা শিল্পকর্ম প্রদর্শনীরই আয়োজন করেছি।’

তাহসীনা আরও বলেন, ‘প্রতিবছরই ক্লাস শুরুর দিনটাতে আমরা বন্ধুরা একসঙ্গে হওয়ার চেষ্টা করি। সবাই আসতে না পারলেও নিয়মিতই এ আয়োজন ছিল। কখন এভাবে দুই দশক কেটে গেছে, টেরই পাইনি। এখনো একত্র হওয়ার আকুতি নিয়েই রবীন্দ্রনাথের গান থেকে এ প্রদর্শনীর নাম রেখেছি—প্রাণের মাঝে আয়।’

‘প্রাণের মাঝে আয়’ প্রদর্শনীর একটা চিত্রকর্ম।
‘প্রাণের মাঝে আয়’ প্রদর্শনীর একটা চিত্রকর্ম।

সে সময় ৬০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল চারুকলার সম্মান প্রথম ব্যাচের। এ প্রদর্শনীতে যুক্ত হতে পেরেছেন তাঁদের ৩৪ জন। অংশগ্রহণকারীদের প্রায় সবারই দুই-তিনটা করে কাজ নিয়ে প্রদর্শনীতে মোট শিল্পকর্মের সংখ্যা দুই শতাধিক।

প্রদর্শনীর স্থান: বাংলাদেশ শিল্পকলা একাডেমী
জাতীয় চিত্রশালা, প্রদর্শনী হল-২ (তৃতীয় তলা)
প্রদর্শনী চলবে: ৭-১২ আগস্ট, ২০১৪
শনিবার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা
শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা