প্রাণের মানুষ
‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে।’ বইয়ের পাতায়, আঁকার খাতায়, আমার ঘরের প্রতিটি কোনায় কোনায় মিশে আছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রসংগীতের সঙ্গে আমার বন্ধুত্ব সেই পাঁচ বছর বয়স থেকে। বড় বোন, ভাই ও নানুর কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনেই আমার বেড়ে ওঠা। শুনতে শুনতে কখন যে রবীন্দ্রসংগীতের প্রেমে পড়েছি, নিজেও জানি না। বিশ্বকবি যেন এক মায়ার বাঁধন, যে বাঁধনে আজও জড়িয়ে আছি। মন বা শরীর খারাপ হলে কণ্ঠে তুলি প্রেম বা প্রকৃতি পর্যায়ের কোনো গান। চোখের পলকে অসুস্থতা, বিষণ্নতা সব দৌড়ে পালায়।সপ্তম শ্রেণীতে উঠে পরিচিত হলাম তাঁর গল্প-উপন্যাসসহ অন্যান্য রচনার সঙ্গে। আরও গভীরভাবে তাঁর সৃষ্টিকে বুঝতে শিখি।গল্পগুচ্ছর বিচিত্র চরিত্রগুলো আমাকে চুম্বকের মতো টানে। কিশোরী মৃন্ময়ীর উচ্ছলতার মধ্যে নিজেকে খুঁজে বেড়াই। শেষের কবিতা পড়ে কল্পনায় লাবণ্যের ছবি আঁকি।চিত্রাঙ্গদা আমার সব থেকে প্রিয় চরিত্র। নারী মানেই শুধু রূপমাধুরী নয়, যোগ্যতাবলে নারী হয়ে ওঠে অনন্যা। আমার মনে হয়, সব নারীর মধ্যেই একজন চিত্রাঙ্গদা বাস করে। তিনি ছিলেন ছবির কবি। তাঁর আঁকা ছবিগুলো সহজ হয়েও অসাধারণ। আমার প্রতিদিনের একটা অংশ কাটে রবীন্দ্রনাথের সৃষ্টির সঙ্গে মিতালি করে। মনে মনে বলি, ‘বিশ্বকবি, আপনাকে ধন্যবাদ। আপনার সৃষ্টির মাঝেই শক্তি খুঁজে পাই। আপনি সত্যিই আমার ‘প্রাণের মানুষ’। কাজী ফাল্গুনী ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশউত্তরা, ঢাকা।