প্রাণের মেলায় মিলবে সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নগরের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে শোভাযাত্রা। শেষ মুহূর্তের তুলির আঁচড় পড়ছে শোভাযাত্রার অনুষঙ্গে। গতকাল দুপুরের চিত্র l প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নগরের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে শোভাযাত্রা। শেষ মুহূর্তের তুলির আঁচড় পড়ছে শোভাযাত্রার অনুষঙ্গে। গতকাল দুপুরের চিত্র l প্রথম আলো

জমকালো আয়োজনে প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার, চলবে শনিবার পর্যন্ত। প্রাণের এ উৎসবে অংশ নিতে মুখিয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রয়েছে রঙিন সব আয়োজন—বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। পুরো আয়োজনে ব্যয় হবে আড়াই কোটি টাকা। যার বেশির ভাগই দেবেন প্রাক্তন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করেছেন ৯ হাজার ৬১২ জন সাবেক শিক্ষার্থী। বাদ যাচ্ছেন না বর্তমান শিক্ষার্থীরাও। তাঁদের মধ্যে নিবন্ধন করেছেন ২০ হাজার ২৮৯ জন, তাঁদের কোনো ফি দিতে হয়নি। নিবন্ধন ফি বাবদ সাবেক শিক্ষার্থীরা দিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৬৩ হাজার টাকা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, পুরো বিশ্ববিদ্যালয়কে সাজানো হয়েছে ঝাড়বাতি দিয়ে। পুরোনো ভবনগুলো রং করানো হয়েছে। পরিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলোর আশপাশ। আর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মঞ্চের পাশেই তৈরি করা হয়েছে ৫০টি বুথ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উৎসবের শুরু হবে চট্টগ্রাম নগর থেকে। শুক্রবার বেলা তিনটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে উৎসব। নগরের বাদশা মিয়া সড়কে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এ শোভাযাত্রা বের হবে। শেষ হবে সিআরবির শিরীষতলায়। এরপর বিকেল পাঁচটায় নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের অভ্যর্থনা দেওয়া হবে নগরের জিইসি কনভেনশন সেন্টারে। এ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘ওয়েলকাম নাইট’। এতে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। রাত ১২টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী রুনা লায়লা, সন্দীপন আচার্য ও হৈমন্তী রক্ষিত মান। এ অনুষ্ঠানের আয়োজন করেছেন সাবেক শিক্ষার্থীরা।
পরদিন শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে দিনব্যাপী অনুষ্ঠান। এ অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত। অনুষ্ঠানস্থল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। সেদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারিমন চৌধুরী। স্মারক বক্তৃতা (সুবর্ণজয়ন্তী বক্তব্য) দেবেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। দুপুর ১২টা পর্যন্ত চলবে আলোচনা সভা। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের শহীদ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। দুপুর সাড়ে ১২টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যা চলবে রাত ৭টা পর্যন্ত।
এ অনুষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে ১৯ নভেম্বর সকালে নগরের বটতলী ও ষোলোশহর রেলওয়ে স্টেশন থেকে ছয়টি শাটল ট্রেন সকাল সাড়ে সাতটা থেকে আধা ঘণ্টা পরপর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাবে। নগরের ১০ স্থানে থাকবে বিশ্ববিদ্যালয়ের ৩০টি বাস। তবে বাসের যাত্রা শুরু হবে নগরের নিউমার্কেট এলাকা থেকে। এ ছাড়া বিশেষ ট্রেন ও বিআরটিসির ১২টি দোতলা বাস থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
সুবর্ণজয়ন্তী উদ্যাপনের সমন্বয়ক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা প্রথম আলোকে বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করবেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং পরে ব্যান্ডদল ওয়ারফেজ, লালন ও আর্টসেল গান করবে। শেষ পর্বে থাকবে সংগীতশিল্পী তপন চৌধুরী ও দিনাত জাহান মুন্নীর গান।
বিভাগ অনুযায়ী প্রতি ২০০ জনের জন্য কেন্দ্রীয় খেলার মাঠে মূল মঞ্চের পাশে একটি করে ৫০টি বুথের ব্যবস্থা করা হয়েছে। বুথ থেকে নিবন্ধন করা সাবেক শিক্ষার্থীদের ব্যাগ, স্যুভেনিয়র ও নাশতার প্যাকেট সরবরাহ করা হবে। দুপুরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য থাকবে খাবারের আয়োজন। কেন্দ্রীয় খেলার মাঠের মূল মঞ্চের পাশে প্রতি বৈঠকে এক সঙ্গে দুই হাজার প্রাক্তন শিক্ষার্থীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর বর্তমান শিক্ষার্থীরা একই খাবার টোকেন নিয়ে নিজ নিজ হলের ডাইনিংয়ে খেতে পারবেন।
সুবর্ণজয়ন্তীর খাবার বণ্টন ও বিতরণের দায়িত্বে থাকা অধ্যাপক মো. তৌহিদ হোসেন বলেন, ‘প্রায় ৩৫ হাজার জনের জন্য ক্যাম্পাসেই আমরা খাবার রান্নার আয়োজন করেছি।’ প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি কার্ড প্রতি ব্যাচের প্রতিনিধিরা বিলি করছেন। না পেলে তাঁরা ১৮ নভেম্বর জিইসি কনভেনশন সেন্টার থেকে নিজ ব্যাচের প্রতিনিধির কাছ থেকে তা সংগ্রহ করতে পারবেন।
সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী কামরুল হুদা বলেন, ‘সুবর্ণজয়ন্তী উদ্যাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নান্দনিক সাজে সাজানো হয়েছে পুরো বিশ্ববিদ্যালয়। নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, নবীন-প্রবীণের একটি সফল মিলনমেলা অনুষ্ঠিত হবে।’