প্রাণের মেলায় মেতেছে সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আঁচ নেই। ভোরের আলো ফুটতেই সরগরম লালদীঘির পাড়। দরদাম, হাঁকডাক—জমজমাট কেনাকাটা। সবার হাতে কিছু না কিছু আছেই। কারও হাতে ঝাড়ু, কারও হাতে চালনি-কুলা, কেউ কেউ আস্ত গাছ কিনে ফিরছেন। কী নেই এখানে—রয়েছে ঘরের ব্যবহার্য জিনিস থেকে শুরু করে নানা প্রয়োজনের কিংবা শৌখিন বিচিত্র সব পণ্যের সম্ভার। সব বয়সীর গন্তব্য হয়ে উঠেছে লালদীঘির পাড়। প্রাণের উৎসব জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলায় মেতেছে সবাই। বছরের এ সময়টার অপেক্ষায় থাকে চট্টগ্রামের মানুষ। এবারও আনুষ্ঠানিকতা শুরুর আগে সোমবার থেকে মেলা বসে গেছে লালদীঘি পাড়ের এক বর্গকিলোমিটারজুড়ে। চট্টগ্রামের আনাচকানাচে তো বটেই, দেশের বিভিন্ন অঞ্চল সাভার, নরসিংদী, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, সিলেট, ময়মনসিংহ থেকে বিক্রেতারা এসেছেন পণ্যসামগ্রী নিয়ে। হরতালের কারণে আগেভাগে চলে এসেছেন অনেক বিক্রেতা। তাই গত মঙ্গলবার বিকেল থেকে পুরোপুরি জমে গেছে মেলা। চলবে শুক্রবার পর্যন্ত।মেলায় আসা নরসিংদীর শিবপুরের আবদুল আওয়াল বলেন, ‘হরতালের কথা শুনে জিনিসপত্র নিয়ে মেলা শুরুর আগের দিন পৌঁছে যাই। এসেই বিক্রি শুরু করে দিয়েছি। আমার কাছে চালনি, কুলা, ডালা, চাঁইসহ ২০ ধরনের জিনিস রয়েছে। যেগুলো সচরাচর মেলা ছাড়া পাওয়া যাবে না। আর আমরা বছরে একবারই আসি এই মেলায়। দুই ট্রাক জিনিস নিয়ে এসেছি। সব বিক্রি করেই যাব।’মেলা ঘুরে দেখা যায়, আন্দরকিল্লা মোড় থেকে লালদীঘির চারদিক, হজরত আমানত শাহ (রা.) মাজার পেরিয়ে জেল সড়ক, দক্ষিণে বাংলাদেশ ব্যাংক চত্বর পেরিয়ে কোতোয়ালি থানার মোড়, পশ্চিমে কেসি দে সড়ক, সিনেমা প্যালেস হয়ে টিঅ্যান্ডটি অফিস পর্যন্ত বিশাল এলাকাজুড়ে। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে সড়কগুলো। প্রতিবারের মতো এবারও মেলায় পাওয়া যাচ্ছে হাতপাখা, মাটির টব, পাটি, ছোটদের খেলনা, আসবাবপত্র, প্রসাধনসামগ্রী; ঘর সাজানোর নানা উপকরণ—বড় ফুলদানি, প্লাস্টিকের ফুল, ফ্লোর ম্যাট প্রভৃতি। হস্তশিল্পের মধ্যে রয়েছে পাটের শিকা, দোলনা ও থলে; মৃৎশিল্পের সামগ্রী—সানকি, চাড়ি, বড় পাত্র মটকা, ঢাকনা ও ভুঁই। এ ছাড়া ফলের বীজ, গাছের চারা, চাঁই, ডালা, কুলা, আঁড়ি, তামা ও কাঁসার তৈজসপত্র, দা-বঁটি, খুন্তি, ঝাড়ু, বেলন, পিঁড়িসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসই রয়েছে। এমনকি খরগোশ, বিচিত্র পাখিও বিক্রি হচ্ছে এখানে। এত কিছু আছে আর মেলায় মুড়ি-মুড়কির দোকান থাকবে না, তা কী করে হয়। ফাঁকে ফাঁকে রয়েছে বিভিন্ন খাবারের দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে গজা, খই, মুড়ি-খইয়ের মোয়া, তিলের মোয়া, চিনিমাখা ছোলাবুট, মুড়ি, বাতাসা, নাড়ু, ভুট্টা, জিলাপি, মিষ্টি, দই, চানাচুর, আচারসহ মৌসুমি ফল। এদিকে লালদীঘির মাঠে বসেছে বিভিন্ন অঞ্চল থেকে আসা সাংস্কৃতিক দলের বিচিত্র অনুষ্ঠান। সন্ধ্যার পর নাচ-গানে মুখর থাকে আশপাশ। এর পাশেই রয়েছে নাগরদোলা। মেলা থেকে ঝাড়ু ও টব কিনে ফিরছিলেন বাকলিয়ার ময়দার মিল এলাকার গৃহিণী আফরোজা খানম। সঙ্গে ১৬-১৭ বছরের ছেলে শাকিল। আফরোজা বলেন, এমন অনেক জিনিস আছে, যেগুলো এ মেলা ছাড়া পাওয়া যায় না। যেমন ঝাড়ু, শহরের মুদির দোকানেও পাওয়া যায়। কিন্তু বাঁশখালী চকরিয়ার ঝাড়ু পাওয়া যায় এ মেলায়। এগুলো অনেক দিন পর্যন্ত টেকে। এ ছাড়া এখানে শতরঞ্জি ও পাটি পাওয়া যায় কম দামে। লালদীঘি পাড়ের অগ্রণী ব্যাংকের সামনে ঢাকার সাভার থেকে আসা আবদুল কাদের (৭৫) বসেছেন মাটির তৈরি ফুলের টব নিয়ে। তিনি মেলায় আসছেন ৩৫ বছর ধরে। কাদের বলেন, ‘এখানকার মানুষ সারা বছরের নানা সামগ্রী কেনেন মেলা থেকে। বলীখেলার চেয়ে মেলার প্রতি মানুষের আকর্ষণ বেশি। প্রতি বছরই দেখছি মানুষ বাড়ছে।’