‘যে দিকেই কান পাতি নতুন প্রাণের উচ্ছ্বাস। প্রিয় ক্যাম্পাস নতুনের পদার্পণে আলোকিত। আর তখন আরেক প্রান্ত যেন অশ্রুসিক্ত নয়নে বলে ওঠে রইল না, রইল না, দিনগুলো মোর সোনার খাঁচায়...।’ অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালকের এমন ধারাবর্ণনা আবেগময় পরিবেশ সৃষ্টি করে। অবশ্য তন্দ্রা ভাঙতে সময় লাগেনি। কথামালা, আড্ডা আর সুরের মূর্ছনায় জমজমাট হয়ে ওঠে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০তম ব্যাচের নবীনবরণ ও ১৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব। গত ২৭ নভেম্বর নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বসে এ প্রাণের মেলা। সারা দিন শিক্ষার্থীরা মেতে ছিল আনন্দ-উল্লাসে। দুই পর্বের এই আয়োজনের প্রথমে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মো. জাকির হোসাইন, মো. মোর্শেদ মাহমুদ খান ও পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. মাহাবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুর মোহাম্মদ, শিক্ষক আহমেদ রাজীব চৌধুরী, অনুপ কুমার বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা প্রমুখ। অনুভূতি জানান নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয় সোনিয়া আক্তারের ‘দোলা দে’ গানটির মধ্য দিয়ে। তিনি একে একে ‘রূপবান’, ‘সামপানওয়ালা’সহ সাতটি গান পরিবেশন করেন। এরপর মঞ্চ মাতাতে আসে চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ। ‘মেঘের দেশে’ গানটির মাধ্যমে শুরু করে পরিবেশনা। এরপর ‘তুমি কি সাড়া দিবে’, ‘চাইতে পারো’, ‘অসামাজিক’সহ বেশ কয়েকটি গান। এদিকে গানে গানে কেটে গেল অনেকক্ষণ। এবার গিটারে সুর তুলল ব্যান্ড দল লালন। ‘সময় গেলে সাধন হবে না’ গানটির মাধ্যমে শুরু হয় লালনের পরিবেশনা। লালনের সুমীর সঙ্গে সঙ্গে গলা মেলালেন সবাই। সুরের মূর্ছনায় যেন হারিয়ে যাওয়া। তাঁরা একে একে গেয়ে শোনান ‘হিন্দু-মুসলমান’, ‘বসন্ত বাতাসে’, ‘ক্ষ্যাপা’, ‘গুরুর চরণ’, ‘চাতক বাঁচে কেমনে’, ‘জাত গেল’, ‘হয়তো হয়নি কিছু ভুল’ ও ‘গুরু নাম সুধা সিন্ধু’। লালন পরিবেশনা শেষ করে ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ গানটি দিয়ে।