প্রাণের সন্ধানে বরফতলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবী ছাড়িয়ে মঙ্গলে প্রাণের অস্তিত্বের সন্ধান নতুন কোনো অভিযান নয়। আবার অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের তলেও রয়েছে একই প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় ইতিমধ্যে সাফল্যও মিলেছে কিছু। এবার বরফের আচ্ছাদনের নিচে অবস্থিত আদি জলাশয়ে প্রাণের অস্তিত্বের খোঁজে নতুন করে শুরু হচ্ছে আরেকটি অভিযান। তিন কিলোমিটার পুরু বরফ স্তর খনন করে অনুসন্ধান চালানো হবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকেরা পৃথকভাবে মহাদেশটির পশ্চিমাঞ্চলে এই অনুসন্ধানে অংশ নেবেন। পৃথিবীর সবচেয়ে দক্ষিণের এ মহাদেশে প্রাণের খোঁজ পেলে সেখানকার জীবজগৎ ও ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে প্রচলিত ধারণা বদলে যাবে। নতুন করে লিখতে হবে পাঠ্যপুস্তক। অ্যান্টার্কটিকায় যুক্তরাজ্যের রোথেরা গবেষণাকেন্দ্র থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী স্থানে আগামী ৫ ডিসেম্বর থেকে ওই খননকাজ শুরু হবে। সেখানকার বরফ স্তরের নিচে রয়েছে লেক এলসওয়ার্থ নামের একটি সুপ্রাচীন জলাশয়। যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ মার্টিন সিয়েগার্টের নেতৃত্বে গবেষকেরা ওই জলাশয়ের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবেন। তাঁদের আশা, সেখানে লাখ লাখ বছর ধরে সূর্যালোকবঞ্চিত কোনো প্রাণীর অস্তিত্ব থাকতেও পারে।অ্যান্টার্কটিকার বরফাচ্ছাদনের ইতিহাস সম্পর্কে খুব কম তথ্যই বিজ্ঞানীরা জানতে পেরেছেন। নতুন গবেষণায় ওই বরফ স্তরের গঠন, চকচকে প্রলেপ ও কালের বিবর্তনে ক্ষয় সম্পর্কে হয়তো নতুন কোনো তথ্য বেরিয়ে আসবে। অ্যান্টার্কটিকার বরফাচ্ছাদন নিয়ে গত প্রায় এক যুগ ধরে গবেষণা করছেন সিয়েগার্ট। খননকাজের মূল উদ্দেশ্য হবে অতি ক্ষুদ্র জীবের অনুসন্ধান। মাটি ও খনিজ পদার্থ থেকে শক্তি গ্রহণকারী ব্যাকটেরিয়াজাতীয় প্রাণী লেক এলসওয়ার্থে থাকতেও পারে। সিয়েগার্টের সহযোগী অণুজীববিজ্ঞানী ডেভিড পিয়ার্স বলেন, চরম প্রতিকূল পরিবেশেও প্রাণের অস্তিত্ব মিলেছে। তাই লেক এলসওয়ার্থে প্রাণের অস্তিত্ব না পেলেই বরং তিনি অবাক হবেন। গবেষকেরা খননকাজটি এক দিনের মধ্যেই সেরে ফেলতে চান। তাঁরা গরম পানির প্রবাহসংবলিত একটি খননযন্ত্র ব্যবহার করবেন। এটি উচ্চ চাপ ও ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই যন্ত্রের সাহায্যে খননের পর লেক এলসওয়ার্থে গবেষণার জন্য গবেষকেরা ২৪ ঘণ্টা সময় পাবেন। কারণ, এই সময় পেরোলেই খনন করা অংশটিতে আবার বরফ জমে যাবে। ফিরে আসার জন্য পুনরায় খননকাজের জন্য প্রয়োজনীয় জ্বালানি গবেষকদের কাছে থাকবে। তবে এত অল্প সময়ে নমুনা সংগ্রহ করাটাই হবে মূল সমস্যা। পরিকল্পনামতো কাজ হলে এটি হবে অ্যান্টার্কটিকায় খনন করা অন্যতম জলাশয়। রাশিয়ার একদল গবেষক গত ফেব্রুয়ারিতে অ্যান্টার্কটিকার বরফাচ্ছাদিত বৃহত্তম ও গভীরতম জলাশয় ভোস্তক লেক খনন করেন। মার্কিন গবেষকেরা আগামী বছরের শুরুতে অ্যান্টার্কটিকার বরফাচ্ছাদিত জলাশয় উইলহ্যাম লেক খননের পরিকল্পনা নিয়েছেন। ভোস্তকে প্রাথমিক অনুসন্ধানে প্রাণের অস্তিত্ব মেলেনি। তার পরও যুক্তরাজ্যের গবেষকেরা আশাবাদী। তাঁদের মতে, লেক এলসওয়ার্থে বেশ কয়েকটি গুপ্ত স্থান রয়েছে। সেখানকার তাপমাত্রাও ভোস্তকের তুলনায় বেশি। নেচার।