
শিমুল-পলাশ ফুলে রঙিন হয়েছে প্রকৃতি। সেই সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুলও। প্রকৃতিতে আগমনধ্বনি বেশ আগে থেকে শোনা গেলেও ১৭ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেিম প্রাঙ্গণে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানালেন নগরের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে ঢল নেমেছিল সাধারণ মানুষেরও।
‘ফাগুনের রং ছুঁয়ে যায় মন বসন্ত আবেগ’ শিরোনামে এই উৎসবে ছিল কবিতাপাঠ, নাচ, আবৃত্তি ও গান। বিকেল পাঁচটায় কবি স্বপন দত্তের সভাপতিত্বে ‘বসন্তের পঙ্ক্তিমালা’ শিরোনামে অনুষ্ঠিত হয় কবিতাপাঠের আসর। এতে বক্তব্য দেন চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের সভাপতি আহমেদ নেওয়াজ। শুভেচ্ছা বক্তব্য দেন বসন্ত উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক বিজন মজুমদার ও সাধারণ সম্পাদক সুব্রত বড়ুয়া। এরপর কবিতা পাঠ করেন কবি আবসার হাবীব, আশীষ সেন, এজাজ ইউসুফী, পুলক পাল, মনিরুল মনির, দিলীপ কির্ত্তুনিয়া, শেখর দেব ও আজিজ কাজল। কবিতাপাঠের পর মোহনবীণা পরিবেশন করেন দোলন কানুনগো। তাঁর সঙ্গে তবলা বাজান স্বরূপ হোসেন।
এরপর মঞ্চের সব আলো নিভে গিয়ে জ্বলে ওঠে প্রদীপ। আবহে ভেসে আসে ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গানের সুর। প্রদীপ হাতে মঞ্চে আসেন স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিল্পীরা। এই গানের সঙ্গে নাচ পরিবেশনের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনন্দের আবেশ ছড়িয়ে দেন তাঁরা। ‘তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে’ গানটির সঙ্গে নাচ পরিবেশন করে শিল্পীরা। নাচের পর বাচিকশিল্পী শুভ্রা বিশ্বাস আবৃত্তি করেন কবি জীবনানন্দ দাশের ‘আমি যদি হতাম’ কবিতাটি। এরপর অঞ্চল চৌধুরী আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ কবিতার অংশবিশেষ। আবৃত্তির পর লালনের গান ‘ধন্য ধন্য বলি তারে’ পরিবেশন করেন ভুবন মজুমদার। লালনের গানের পর পঞ্চকবির গান পরিবেশন করে অভ্যুদয়। শুরুতে সমবেত কণ্ঠে শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি ও বসন্ত পর্বের গান ‘দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও আমার সুপ্ত এ প্রাণ’। এই পরিবেশনায় অংশ নেন সেঁজুতি দে, শ্রাবণী চৌধুরী, চন্দ্রিমা ভৌমিক, যীশু কুমার ও প্রিয়ম বিশ্বাস। এরপর ছিল বেশ কয়েকটি গান। এই পর্বের শেষ হয় নজরুলগীতির মধ্য দিয়ে। এরপর আবারও নাচের পালা। ‘প্রজাপতি প্রজাপতি’ গানটির সঙ্গে মঞ্চ মাতান স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিশুশিল্পীরা। শেষ পর্বে বাউলসংগীত ও লালনগীতি গেয়ে আসর জমান নাবিরা রেহেনুমা।