
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে গোল টেবিলগুলো ঘিরে বসে থাকা শিক্ষার্থীদের দলগুলো যেন একেকটা ছোট্ট বাংলাদেশ! একজনের বাড়ি নোয়াখালী তো আরেকজন এসেছেন ময়মনসিংহ থেকে। একজনের কথায় চট্টগ্রামের টান, আবার পাশ থেকে আরেকজন হেসে বলেন, ‘হামি ভাই বোগড়ার ছইল।’
বৈচিত্র্যের এই চিত্র পুরো ক্যাম্পাসেই। এক পাশে লিচুর বাগান, অন্য পাশে ঝকঝকে লাইব্রেরি। পেছনে গরুর খামার, আবার সামনে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। গত ৯ মে হাবিপ্রবি ঘুরে দেখতে পুরো একটা দিন লেগে গেল। সঙ্গে ছিলেন হাবিপ্রবির প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। মজা করে তাঁদের বলছিলাম, ‘আপনাদের বিশ্ববিদ্যালয়ের এইটুকুন মূল ফটক দিয়ে এত বড় ক্যাম্পাসটা ভেতরে ঢুকল কী করে!’
৮৫ একর জায়গাজুড়ে ক্যাম্পাস—বিশাআআল বড়ই বটে। পড়ছেন প্রায় ১০ হাজার শিক্ষার্থী। শুরুতে এখানে ছিল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। নানা ধাপ পেরিয়ে ২০০১ সালে এটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। কৃষি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান—ছয়টি অনুষদের আওতায় চালু আছে ২০টি ডিগ্রি। এখন প্রতিবছর প্রায় দুই হাজার শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

লিচুর ক্যাম্পাস
হাবিপ্রবি ক্যাম্পাসের ভেতরেই বিশাল লিচুবাগান। বাগানে পা রেখে দেখা গেল এলাহি কাণ্ড! একেকটা গাছ একেক দল শিক্ষার্থীর দখলে চলে গেছে। একজন গাছে উঠছেন, বাকিরা নিচ থেকে নির্দেশনা দিচ্ছেন। ‘আমাকে দে!’ ‘ওদিকে দ্যাখ!’ ‘পড়বি তো!’
প্রথম বর্ষে পড়ুয়া একটা দলের সঙ্গে কথা হলো। সাজেদুর রহমান, রেজাউল করিম, ফারহানা ইসলাম, তাওহিদুল ইসলাম, সিরাজুম মনিরা, মহিতা তানজিন, প্রিয়াংকা মজুমদার—সবাই হি হি হা হা হাসতে হাসতে নিজেরাই নিজেদের ‘লিচু চোর’ নাম দিয়ে ফেললেন। কাজী নজরুল ইসলামের কবিতার মতো এখানে অবশ্য মালি কিংবা কুকুরের ভয় নেই। তাতে শিক্ষার্থীদের ‘অ্যাডভেঞ্চারের’ আনন্দে ভাটা পড়ছে না একটুও।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে একটা লিচু মুখে দিতেই হলো। ওরেব্বাবা, ভীষণ টক!

স্কুলের ভেতর ইশকুল!
‘কী কী সংগঠন আছে এই বিশ্ববিদ্যালয়ে?’ জানতে চেয়েছিলাম হাবিপ্রবির এক শিক্ষার্থীর কাছে। আঙুলের কর গুনে তিনি বলতে শুরু করলেন, ‘অর্ক সাংস্কৃতিক জোট, সেঁজুতি নাট্যচক্র, রোটার্যায়ক্ট ক্লাব, ডিবেটিং সোসাইটি, দানেশ ব্লাড ব্যাংক, ফিল্ম ক্লাব, বান্ধব...।’ পাশ থেকে একজন মনে করিয়ে দেন, ‘আর আছে মজার ইশকুল।’
মজার ইশকুল! সেটা কী? শিক্ষার্থীরা আমাদের নিয়ে গেলেন ক্যাম্পাসের এক কোনায় হাবিপ্রবি স্কুলে। উপাচার্যের অনুমতি নিয়ে এই স্কুলের ভেতরেই এলাকার দরিদ্র ছেলেমেয়েদের পড়ান হাবিপ্রবির শিক্ষার্থীরা। মজার ইশকুলের শিক্ষক মো. শহিদুল ইসলাম, প্রদীপ কুমার, নাজমুল হাসানরা বলছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমাদের পরীক্ষা, ক্লাস যা-ই থাকুক, মজার ইশকুলের ক্লাস কখনো বন্ধ থাকে না।’

‘মাদার ইজ অলওয়েজ মাদার’
ভারত, নেপাল, ভুটান, নাইজেরিয়া, সোমালিয়াসহ বেশ কয়েকটি দেশের মোট ১৪৫ জন বিদেশি শিক্ষার্থী পড়ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এঁদের মধ্যে ২৬ জন মেয়ে। ক্যাম্পাসের পরিবেশ নিয়ে বিদেশিরা সবাই বেশ খুশি। কেন? হলে নিজের ঘরে বসে কারণটা বলছিলেন সোমালিয়ার মুক্তার ওমর। কৃষি বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি। ইংরেজিতে বলছিলেন, ‘মনেই হয় না আমরা বাইরে থেকে এসেছি। বাংলাদেশি ছাত্রছাত্রীরা খুবই আন্তরিক।’
নেপাল থেকে আসা ছাত্রছাত্রীর দলটা অবশ্য এরই মধ্যে পুরোপুরি বাংলা শিখে ফেলেছেন। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের সামনে দাঁড়িয়ে এই বিভাগের ছাত্রী সুজানা ডঙ্গোল, অনু দুয়াল, রোহিনী মাহার্জেন, কবিতাসারা কথা বললেন দিব্যি বাংলায়। শুধু তা-ই না, জানা গেল, তৃতীয় বর্ষে পড়ুয়া সুজানা তাঁর বিভাগের ‘ফার্স্ট গার্ল’।
‘পাস করার পর এখানেই কাজ খুঁজবেন, নাকি নিজ দেশে ফিরে যাবেন?’ জানতে চেয়েছিলাম আরেক নেপালি ছাত্র অরবিন্দ যাদবের কাছে। দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী এতক্ষণ ক্যাম্পাস-জীবন নিয়ে উচ্ছ্বাসের কথা বললেও এই প্রশ্নে দুই দিকে মাথা নাড়েন। মৃদু হেসে বলেন, ‘মাদার ইজ অলওয়েজ মাদার। তাই পড়া শেষে দেশেই ফিরে যাব।’

বিদেশি ছাত্রছাত্রীরা আসছে
মো. রুহুল আমিন, উপাচার্য, হাবিপ্রবি
আমাদের ছেলেমেয়েরা পড়ালেখায় যেমন আগ্রহী, সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে। সন্ধ্যায় হল কিংবা ছাত্র-শিক্ষক কেন্দ্র ঘুরলে দেখবেন সব ছেলেমেয়েরা পড়তে বসে গেছে। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান—এসবও নিয়মিত হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে দেশকে, সমাজকে কিছু দেওয়ার মানসিকতা আছে। একসময় নদীর ওপারের মানুষও এই এলাকায় পড়তে আসতে চাইত না। এখন দেশের বাইরে থেকেও ছাত্রছাত্রীরা আসছে।