প্রাণোচ্ছল পরিবেশে পালিত হলো চট্টগ্রাম বন্ধুসভার জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতা আবৃত্তি, গানের সুর আর কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা পালন করেছে বন্ধুসভার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।গত শুক্রবার চেরাগী পাহাড় মোড়ের কদম মোবারক ইসলামাবাদী মেমোরিয়াল হলে প্রাণোচ্ছল পরিবেশে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, বিপ্রতীপ অপু, নুরুন নাহার বেগম, পুলক দেবদাস, সায়ের আমান, গৌতম কানুনগো প্রমুখ। অনুষ্ঠানে বন্ধুদের মাঝে কেক এবং মিষ্টি বিতরণ শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে গান ও আবৃত্তি পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।‘কি জ্বালা দি গেলা মনে’ গানটি গেয়ে সবাইকে মুগ্ধ করেন নুসরাত জাহান। এরপর প্রিয়াংকা মহাজন পরিবেশন করেন ‘এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা’ গানটি। এরপর একে একে গান গেয়ে শোনান রিমঝিম আহমেদ, ফাইজী ফাইরুজ, নিলয়, প্রিয়ন্তি ও ছোট্ট বন্ধু তিতলি। অনুষ্ঠানে মজার খেলা কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয়। বন্ধুরা কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে একেকটি টোকেন তোলেন। টোকেনে লেখা বিষয়ের ওপর পর্যায়ক্রমে অভিনয় করে দেখান সব বন্ধু। কবিতা আবৃত্তি করেন সাবিনা ইয়াসমিন, ফাইজা, তুষার, শুভ্র প্রমুখ। অনুষ্ঠানের ফাঁকে চলে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে সুন্দরবনকে ভোট দেওয়ার কার্যক্রম। অনুষ্ঠানে আসা বন্ধুসভার বন্ধু শাহজাহান বলেন, ‘চট্টগ্রাম বন্ধুসভার জন্মদিন উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে সুন্দরবনকে জিতিয়ে দিতে আমরা সবাই সুন্দরবনকেই ভোট দিয়েছি।’ এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনায়েত বাজার মহিলা কলেজ বন্ধুসভার বন্ধুরা তাদের একদিনের টিফিনের টাকা চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের কর্মকর্তাদের হাতে তুলে দেন।