কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তস্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা। ২৪ এপ্রিল চারটি ভাগে এই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার ৫৯টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অনুষ্ঠানে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় চকরিয়া উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে। বিতর্কে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চারটি বিভাগে ভাগ করা হয়। এরপর তিনটি ভেন্যুতে একযোগে প্রাথমিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতাকে জনপ্রিয় করা ও ভালো বিতার্কিক তৈরির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিতর্ক ও বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হবে।
প্রাথমিক পর্বে চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ে দুটি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাকি দুটি পর্ব চলে ইলিশিয়া জমিলা বেগম উচ্চবিদ্যালয় ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে। এতে চ্যাম্পিয়ন হয় বহদ্দারকাটা উচ্চবিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ, ইলিশিয়া জমিলা বেগম উচ্চবিদ্যালয় ও মালুমঘাট আইডিয়াল উচ্চবিদ্যালয়।
প্রতিযোগিতায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম ও টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে চারটি অঞ্চলে মোট ২৭ জন বিচারক প্রতিযোগিতায় মূল্যায়নের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় ৫৯টি প্রতিষ্ঠানের মোট ১৭৭ জন প্রতিযোগী অংশ নেন।