
বান্দরবানের থানচি উপজেলা সদর থেকে এক কিলোমিটার দূরে সাঙ্গু নদের পশ্চিম পাড়ে হেডম্যানপাড়ার অবস্থান। এই পাড়ার প্রায় ২০০ গজ দূরে তিন একর জায়গাজুড়ে গড়ে উঠেছে ইটভাটা।
এস বি এম নামের এই ইটভাটার কোনো ধরনের ছাড়পত্রও নেই। সেখানে অবৈধভাবে পোড়ানো হচ্ছে কাঠ। বসানো হয়েছে নিষিদ্ধ ছোট ড্রাম চিমনি। ইটভাটার জন্য মাটি কাটার কারণে এর পাশ ঘেঁষে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৌদ্ধবিহারের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হেডম্যানপাড়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে পাহাড়বেষ্টিত জায়গায় গড়ে উঠেছে এই ইটভাটা। কাঠ পোড়ানোর জন্য জড়ো করে রাখা হয়েছে কাঠ। ছোট ড্রাম চিমনি দিয়ে ধোঁয়া বের হয়ে বায়ুদূষণ ঘটাচ্ছে। ভাটায় শ খানেক শ্রমিক ইট তৈরির কাজ করছিলেন। কর্মরত শ্রমিকেরা জানান, এলাকায় বিভিন্ন রাস্তাঘাট ও উন্নয়ন প্রকল্পের জন্য এই ইটভাটা থেকে ইট নেওয়া হচ্ছে।
হেডম্যানপাড়ায় ৬০-৭০টি পরিবারের বসবাস। ইটভাটার ধোঁয়ায় প্রতিনিয়ত নাকাল হতে হচ্ছে বলে অভিযোগ করেন এখানকার বাসিন্দারা। এ ছাড়া ধোঁয়ার দূষণে আক্রান্ত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। থানচি হেডম্যানপাড়ার বাসিন্দারা বলেন, বাতাসে ইটভাটার কালো ধোঁয়া এবং ধুলাবালু ছড়িয়ে পড়ে প্রায়ই। এতে শ্বাসকষ্টসহ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক বলেন, ড্রাম চিমনি শুধু অবৈধ নয়, নিষিদ্ধও। এ ছাড়া এখানে অবাধে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ। কিন্তু ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে পারছেন না।
ইটভাটার শ্রমিক মোহাম্মদ আলম বলেন, ইটভাটায় প্রতিদিন গড়ে প্রায় ৩০০ মণ জ্বালানি কাঠের প্রয়োজন হয়। এক মৌসুমে আট-নয় দফা ইট পোড়াতে প্রায় ৪৮ হাজার মণ কাঠের প্রয়োজন।
ইটভাটার ব্যবস্থাপক সরোয়ার আলম বলেন, থানচির মতো দুর্গম দূরত্বে জ্বালানি কাঠ ছাড়া কয়লা দিয়ে ইট পোড়ানো সম্ভব নয়।
হেডম্যানপাড়ার বাসিন্দা অংসা প্রু মারমা বলেন, ইটভাটার জন্য মাটি কাটায় সংলগ্ন এলাকা দেবে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। বৌদ্ধবিহারের দেয়াল হেলে পড়েছে। এ জন্য এ দুটি প্রতিষ্ঠানের অবকাঠামোই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অথচ পুলিশ ও বন বিভাগ বলেছে, তাদের কাছে কোনো অভিযোগ নেই।
হেডম্যানপাড়ার বাসিন্দা নুশৈমং ও সাইথোয়াই প্রু বলেন, জ্বালানি কাঠের ধোঁয়া প্রতিনিয়ত নাকেমুখে ঢুকছে। কিন্তু অসহায় হয়ে হজম করা ছাড়া কোনো উপায় নেই। পাড়ার কারবারি (পাড়াপ্রধান) বাথোয়াইচিং মারমা বলেন, ইটভাটার জমিটি আগে তিনি চাষ করতেন। এখন চাষ বন্ধ হওয়ায় বাজার থেকে চাল কিনে খেতে বাধ্য হচ্ছেন। তিনি জানান, জায়গার মালিক তাঁরই আত্মীয়। তবে কী কারণে ইটভাটার জন্য জমি ভাড়া দিয়েছেন, তা জানেন না তিনি।
স্থানীয় বাসিন্দার কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে আনিসুর রহমান নামের এক ব্যক্তি ওই ইটভাটা করেছেন। ইটভাটার কোনো ছাড়পত্র দেখাতে পারেননি তিনি। তিনি বলেন, ‘দুর্গম থানচি উপজেলায় বাইরে থেকে ইট নিয়ে এসে উন্নয়নের কাজ করা সম্ভব নয়। এ জন্য উন্নয়নের স্বার্থে ইটভাটা করেছি। আগামী বছর পর্যন্ত জমির মালিকের সঙ্গে চুক্তি রয়েছে আমার।’
থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংছার ম্রো বলেন, এস বি এম নামের ওই ইটভাটা হেডম্যানপাড়া ও বিদ্যালয়ের পাশে অবস্থিত। তবে বিদ্যালয়ের দেয়ালে ফাটল ধরার বিষয়ে তিনি জানেন না বলে জানান।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও বন বিভাগের থানচি রেঞ্জের বিট কর্মকর্তা রেজাউল করিম বলেন, ইটভাটা সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই। বিদ্যালয়–সংলগ্ন ইট ভাটায় কাঠ পোড়ানো ও দেয়ালে ফাটল ধরা নিয়ে কেউ কোনো অভিযোগও করেনি।