প্রাথমিক বিদ্যালয়গুলোতে সমস্যার পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যার পাহাড় জমে আছে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে। অবকাঠামো, যোগাযোগ, পানি, বিদ্যুৎ, আসবাব ও শৌচাগারসহ নানা সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে সুষ্ঠু লেখাপড়া ব্যাহত হচ্ছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে। এসব সমস্যা সমাধানে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ফটিকছড়িতে মোট ২০৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৭৮ হাজার ৬৭ জন। শিক্ষকের পদ রয়েছে ৮৫২টি। এর মধ্যে ২০টি প্রধান শিক্ষক ও ১৯টি সহকারী শিক্ষকের পদ খালি।গত সপ্তাহে সরেজমিনে আটটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের নানামুখী সমস্যার কথা। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ অপ্রতুল। এক বেঞ্চে পাঁচ-ছয়জন শিক্ষার্থীকে গাদাগাদি করে বসতে হয়। এ ছাড়া, বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। নেই বিদ্যুৎব্যবস্থা। আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানাপ্রাচীর নেই। যত্রতত্র গবাদি পশু বিচরণের ফলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন সময় সীমানা বরাবর বাঁশের বেড়া তৈরি করে দেওয়া হলেও সেগুলো অল্পদিনে নষ্ট হয়ে যায়। লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে বিশুদ্ধ পানির সংকট। একটি নলকূপ থাকলেও তা প্রায় সময় বিকল থাকে। সংস্কারের অভাবে পূর্ব-সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়ায় বর্ষাকালে বিদ্যালয়ের ভেতরে পানি পড়ে। এতে শিক্ষার্থীদের বইপত্র ভিজে যায়। অনেক সময় দেয়ালের পলেস্তারা খসে পড়ে। এতে যেকোনো সময় আহত হওয়ার আতঙ্কে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। নানুপুর এস এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নেই। বিদ্যালয়টি সড়কসংলগ্ন হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ ইলিয়াছ জানান, এখানে ৮২৫ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন ছয়জন। শিক্ষক স্বল্পতার জন্য পাঠদান ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় অনেক সময় শিক্ষার্থীদের মেঝেতে বসে শ্রেণীর কাজ করতে হয়। ভূজপুর বড়বিল পিনপিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আজিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে অনুজ বড়ুয়া ও শাহিদা নাছরীন জানান, তাদের বিদ্যালয়ে পুরোনো ভবনগুলো সংস্কারের অভাবে অনেকদিন আগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ভেতর পানি চুইয়ে পড়ে। মারাত্মক ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হয়। এ ছাড়া, নলকূপ না থাকায় খাওয়ার পানির সংকটে ভুগছেন শিক্ষক-শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে এ রকম সমস্যা কম-বেশি বিরাজ করছে। সুষ্ঠু পরিবেশ ও মানসম্মত লেখাপড়া নিশ্চিত করার জন্য সমস্যাগুলো জরুরি ভিত্তিতে সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ খুরশিদুল আলম চৌধুরী বিভিন্ন বিদ্যালয়ে নানা রকম সমস্যা থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, অবকাঠামো সমস্যা দূর করার লক্ষ্যে বর্তমানে ২০টি বিদ্যালয় ভবনের পুনর্নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। এ ছাড়া, পানি, বিদ্যুৎ, আসবাবপত্র ও শৌচাগারসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।