সীতাকুণ্ডে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি (স্টুডেন্ট কাউন্সিল) নির্বাচন সম্পন্ন হয়েছে। ১০ ফেব্রুয়ারি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এতে প্রতিটি বিদ্যালয়ের জন্য সাতজন করে প্রতিনিধি নির্বাচন করা হয়। এসব প্রতিনিধি বিদ্যালয়ের অভ্যর্থনা ও আপ্যায়ন, বন ও পরিবেশ, স্বাস্থ্য, পানিসম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি, পুস্তক ও লিখন এবং বাগান পরিচর্যা এই সাতটি বিষয় দেখাশোনা করবে। সীতাকুণ্ড উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছাফা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যক্ষ ভোটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন সম্পন্ন করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচিত হয়েছেন পঞ্চম শ্রেণীর আল রাজিসহ সাতজন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষার্থী লামিশা নাজিম। অনুভূতি জানিয়ে দলপ্রধান আল রাজি বলে, ‘প্রতিনিধি নির্বাচিত হতে আমি খুশি। সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব।’বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর নেওয়াজ বলেন, ‘বিপুল উৎসাহ-উদ্দীপনায় স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো এ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও বেশ আলোচনা ছিল।’শিক্ষকেরা জানান, রাজনীতির মাঠের মতো শিক্ষার্থীরাও পছন্দের প্রার্থীদের নামসহ হাতে লেখা পোস্টার দেয়ালে টাঙিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট চেয়েছে। ছোট ছোট শিশু বিজয়ের পর মিছিল বের করলে পথচারীরা হাত নেড়ে তাদের উৎসাহ দেন।