‘রাঙামাটি জেলা পরিষদ থেকে শিক্ষক নিয়োগের কথা শুনে প্রথমে খুশি হয়েছি। আর এখন ক্ষোভ ও হতাশা ছাড়া কিছুই নেই। আমাদের সন্তানেরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। অথচ বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু শিক্ষক আসে না।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের শিয়ালদাইলুই গ্রামের জেকি বালা ত্রিপুরা। শুধু জেকি বালা ত্রিপুরা নন, সাজেকের শত শত অভিভাবকের একই কথা। সাজেকের জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারি ও বাসিন্দারা আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন। ৭ সেপ্টেম্বর উপজেলা সদরে এক সংক্ষিপ্ত সভায় এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া কেউ বিদ্যালয় পরিচালনা কমিটিতে থাকবেন না। যাঁরা আছেন, তাঁরাও পদত্যাগের হুমকি দেন। জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের অভিযোগ, দুর্গম সাজেকে যুগ যুগ ধরে বহিরাগত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো শিক্ষকই সেখানে থাকতে চান না। ২০১০ সালের ২৭ ডিসেম্বর পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সাজেক সফরকালে এক সমাবেশে বলেন, সামনে শিক্ষক নিয়োগ দিলে স্থানীয় ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। কারণ, এখানে স্থানীয় শিক্ষক ছাড়া বাইরে থেকে এসে শিক্ষকতা করা সম্ভব নয়। জানা যায়, বর্তমানে সাজেকে পাঁচ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়গামী শিশু রয়েছে। তারা সবাই প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকার পরও এই শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট উপজেলায় ৬৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে শুধু সাজেক ইউনিয়নে আটটি বিদ্যালয়ে ১৬টি পদ খালি ছিল। সেসব পদে স্থানীয় সাজেকের কাউকে রাখা হয়নি। প্রার্থী লাংলিয়ান থাংয়া পাংখোয়া অভিযোগ করে বলেন, ‘আমরা সাজেক ইউনিয়ন থেকে ৪৫ জন প্রার্থী ছিলাম। ৩৯ জনকে লিখিত পরীক্ষায় বাদ দেওয়া হয়। বাকি ছয়জনের মৌখিক পরীক্ষা থেকে দুজন বাদ দেওয়া হয়। চারজন মৌখিক পরীক্ষায় ভালো করেছি। কিস্তু তার পরও কাউকে রাখা হয়নি।’ রুইলুই মৌজার হেডম্যান চৌমিং থাং বলেন, ‘পার্বত্য প্রতিমন্ত্রী গত বছর বলে গেছেন, শিক্ষক নিয়োগ দিলে স্থানীয় ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সেই কথাগুলোর বাস্তব প্রতিফলন দেখা গেল না।’ওল্ড লংক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জুনি পাংখোয়া বলেন, ‘আমি আর কোনো কমিটিতে থাকব না। যুগ যুগ ধরে দেখে আসছি, কোনো শিক্ষক ক্লাস করেন না। তাই আমরা নিয়োগকৃত শিক্ষকদের অবাঞ্ছিত ঘোষণা করেছি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা বলেন, ‘নতুন নিয়োগকৃত মোট ৫৭ জন যোগদান করেছেন। তবে সাজেক ইউনিয়নের স্থানীয় কাউকে রাখা হয়নি বলে শুনেছি। দুর্গম এলাকার কারণে সেখানে আমরাও পরিদর্শনে যেতে পারি না।’উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, সাজেকের স্থানীয় লোকদের নিয়োগ না দেওয়া দুঃখজনক। দুর্গম এলাকায় স্থানীয় শিক্ষক ছাড়া ক্লাস করা সম্ভব নয়। এ প্রসঙ্গে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘সাজেকের জন্য আলাদা কোটা রাখার কোনো নিয়ম নেই। আমরা বাঘাইছড়ি উপজেলার বাসিন্দাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। আর কোনো শিক্ষক ক্লাস না করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’