প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা
ফেনী জেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মতবিনিময় সভা ২৩ মার্চ শহরের ট্রাংক রোডে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ (সদর) আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
জেল শাখার সভাপতি কাজী ওয়াজি উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী। বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও সোনাগাজী উপজেলা সম্পাদক সুনীল চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নিজাম হাজারী বলেন, বর্তমান সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, নতুন বিদ্যালয় ভবন নির্মাণ, জরাজীর্ণ ভবন সংস্কার, মেরামত ও শিক্ষকদের জন্য উন্নত বেতন স্কেল প্রদান করেছে। তিনি শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পাঠদানে যত্নবান হওয়ার আহ্বান জানান।