প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জনবল-সংকট দেখা দিয়েছে। ১১ জন কর্মকর্তা-কর্মচারীর স্থলে আছেন মাত্র পাঁচজন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫৮টি। এতে একদিকে দাপ্তরিক কাজ ও শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে, অন্যদিকে কার্যালয়ে এসে ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, লোহাগাড়ায় ৬২টি সরকারি এবং ৩৫টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৪৩ হাজার ৭৮০ জন। বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের পদ রয়েছে ৩৮৪টি। এর মধ্যে সরকারি বিদ্যালয়গুলোতে বর্তমানে ১৪টি প্রধান শিক্ষক এবং ৪৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও চারজন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন সহকারী শিক্ষা কর্মকর্তা। তিনি ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। উচ্চমান সহকারীর পদটিও শূন্য দীর্ঘদিন থেকে। জানা যায়, ২০১০ সাল থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এক এক করে অন্যত্র বদলি হওয়ার পর তাঁদের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহির উদ্দিন বশির জানান, কর্মকর্তার অভাবে শিক্ষকেরা টাইমস্কেল, বকেয়া বেতন, উন্নীত বেতন স্কেলসহ নানা কাজে কার্যালয়ে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। প্রয়োজনীয় তদারকি না থাকায় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ও শিক্ষার মান যথাযথভাবে রক্ষা করা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘কর্মকর্তা ও উচ্চমান সহকারী না থাকায় টাইমস্কেল ও অবসর সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেকে দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন।’ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অধীর চন্দ্র দে জানান, জনবল-সংকটের কারণে সুষ্ঠু তদারকি সম্ভব হচ্ছে না। দাপ্তরিক কাজসহ শিক্ষাসংশ্লিষ্ট সামগ্রিক কার্যক্রম কিছুটা গতিহীন হয়ে পড়েছে। তিনি বলেন, শূন্যপদ পূরণের জন্য জেলা শিক্ষা কার্যালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।