মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহেনাজ পারভীন ও ইবতেদায়িতে আবুতোরাব ফাজিল মাদ্রাসার শরীফুল ইসলাম ফারুকী উপজেলার মেধা তালিকায় প্রথম হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ ও ইবতেদায়িতে পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ২১৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয় হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ছয় হাজার ৫৪ জন। ২৭টি মাদ্রাসা থেকে এক হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে এক হাজার ২৩৭ জন।প্রাথমিকে প্রথম হওয়া মেহেনাজ জানায়, বিদ্যালয়ের সব শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় সে ভালো ফল করেছে। সে মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকার কামাল উদ্দীন ও তাছলিনা আক্তারের তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, ‘মেহেনাজ পারভীন নিজের চেষ্টা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও তার বাবা-মায়ের চেষ্টায় প্রথম হয়েছে। আশা করছি ভবিষ্যতেও তার সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।’ মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন-উর-রশিদ জানান, মিরসরাইয়ে প্রাথমিকে ১৯৭ জন ও ইবতেদায়িতে পাঁচজন জিপিএ-৫ পেয়েছে। পাসের দিক থেকে মিরসরাইয়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান জেবি শিশুকানন। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন জিপিএ-৫ পেয়ে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।ভালো ফল সম্পর্কে জেবি শিশুকাননের সহপ্রধান শিক্ষক সুবাস সরকার বালেন, ‘নিয়মতান্ত্রিকভাবে পড়ালেখাই সাফল্যের কারণ।’