প্রাথমিকে ১৬ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তাঁদের নিয়োগ দেওয়া হবে প্রাক-প্রাথমিক শিক্ষার (শিশু শ্রেণি) জন্য। এ লক্ষ্যে ৯ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১৩ ডিসেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের কার্যক্রম চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
এর আগে গত ছয় বছরে ৯৪ হাজার ২২৬ জন শিক্ষক নিয়োগ করা হয়। এর মধ্যে ৬৮ হাজার ৫০২ জন নারী এবং ২৫ হাজার ৭২৪ জন পুরুষ। উল্লেখ্য, প্রাথমিকে ৬০ শতাংশ নারী শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রগুলো জানিয়েছে, প্রাক-প্রাথমিকের এই ১৬ হাজার শিক্ষক নিয়োগের পর পর্যায়ক্রমে আরও কয়েক হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রথম আলোকে বলেন, তাঁদের লক্ষ্য ৪০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া। বর্তমানে ৫০-এরও কিছু বেশি শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক আছেন। এ ছাড়া প্রতিবছরই কয়েক হাজার শিক্ষক অবসরে যাচ্ছেন। নতুন করে প্রায় ২৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়েছে। ফলে তাঁদের আরও অনেক শিক্ষক নিয়োগ করতে হবে। পর্যায়ক্রমে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
প্রাক-প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তিন পার্বত্য জেলা বাদে দেশের বাকি জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য http://dpe.teletalk.com.bd Ges www.dpe.gov.bd ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিংক পাওয়া যাবে। ওই লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ করা আবেদন কপির ইউজার আইডি দিয়ে আবেদন ফি জমা দিতে হবে। প্রার্থীদের একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে এবং সংরক্ষণ করতে হবে। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স ২০১৫ সালের ১২ জানুয়ারি পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য হবে না।
পুরুষ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের জিপিএ বা সমমানের ডিগ্রি। অন্যদিকে নারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত একজন সহকারী শিক্ষকের মূল বেতন পাঁচ হাজার ২০০ টাকা এবং প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের মূল বেতন চার হাজার
৯০০ টাকা।