প্রাথমিকে ৯৬ ও ইবতেদায়িতে ৭৫ শতাংশ পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৬ শতাংশ ও ইবতেদায়ি পরীক্ষায় ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ফলাফলকে কেন্দ্র করে বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে উৎসবমুখর সময় কাটিয়েছে শিক্ষার্থীরা।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪৫টি সরকারি, ২৫টি রেজিস্টার্ড, ১৪টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এবং ২৯টি কিন্ডারগার্টেন থেকে মোট ছয় হাজার ১৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাঁচ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী পাস করেছে। উপজেলায় প্রথম হয়েছে এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিমেষ বণিক। সার্বিক দিক থেকে সেরা বিদ্যালয়ের তালিকায় রয়েছে জেবি শিশুকানন। এ বিদ্যালয়ের ১০০ জন পরীক্ষার্থীর সবাই প্রথম বিভাগে পাস করেছে।ইবতেদায়ি পরীক্ষায় ২৬টি মাদ্রাসা থেকে এক হাজার ২৫২ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৯৪০ জন পাস করেছে। উপজেলাভিত্তিক মেধাতালিকায় ২০ জনের মধ্যে প্রথম হয়েছে আবুতোরাব ফাজিল মাদ্রাসার ছাত্র মনজুর উদ্দিন। উপজেলায় প্রথম স্থান পাওয়া এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অনিমেষ বণিক জানায়, বিদ্যালয়ের শিক্ষক ও বাবা-মায়ের সহযোগিতা ও প্রেরণায় সে উপজেলায় প্রথম হয়েছে। সন্ধ্যা ছয়-সাতটা থেকে রাত ১০-১১টা পর্যন্ত সে পড়ার টেবিলে থাকত।অনিমেষের বাবা মৃণাল বণিক ও মা বৃন্দারানী বণিক জানান, পড়ার জন্য অনিমেষকে কখনোই চাপ দিতে হয়নি। সে নিজেই নিয়ম করে পড়ত, বিদ্যালয়ে যেত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজহারুল হক জানান, অনিমেষের বাবা-মা চেয়েছিলেন এবারও সে পঞ্চম শ্রেণীতে থাকুক। কারণ, তার বয়স কম (১০ বছর)। কিন্তু অনিমেষের আগ্রহের কারণে শিক্ষকেরা তাকে পরীক্ষায় অংশ নিতে সাহায্য করেন। সে উপজেলায় প্রথম হওয়ায় ভালো লাগছে বলে প্রধান শিক্ষক জানান।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন-উর-রশিদ জানান, উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকের সহযোগিতায় জেলা পর্যায়ে মিরসরাই উপজেলা ভালো ফলাফল করেছে।