প্রাথমিকের সমাপনী পরীক্ষায় ভুলে ভরা প্রশ্ন
ফেনীর পরশুরামে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় ৪৬টি বিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থী ভুলে ভরা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, ১০ ডিসেম্বর একযোগে উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সমাপনী পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষার বেশির ভাগ প্রশ্নে বানান ও বাক্যে ভুল ছিল। পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত নয় এমন বিষয়েও প্রশ্ন ছিল। ১৫ ডিসেম্বর পরীক্ষা শেষ হয়। বাউরখুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বানু জানান, ১২ ডিসেম্বর চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রশ্নে ১৯টি ভুল ছিল। এক নম্বর প্রশ্নে দুটি শব্দের বানান ভুল। দুই নম্বর প্রশ্নে বাংলায় অনুবাদ করার নির্দেশ আছে, সেখানে দুটি বাক্য ভুল। ছয় নম্বর প্রশ্নে ছয়টি বাক্য ও বানান ভুল রয়েছে। একটি প্রশ্নে ‘what did he see under the tree’ না লিখে ভুল করে ‘free’ লেখা হয়েছে। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ছাগল পালনের কোনো অধ্যায় না থাকলেও ছাগল পালনের প্রশ্ন ছিল। পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রের অভিভাবক বেলায়েত হোসেন জানান, প্রশ্নে অসংখ্য ভুল রয়েছে। ছাপাখানার ভুলের কারণে দুই-একটি ভুল হতে পারে, কিন্তু বাক্যে কীভাবে ভুল হয়?’ দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়েও একাধিক ভুল রয়েছে। প্রশ্নে লেখা ছিল ‘চিত্রগুলি খাতায় আঁক এবং কোনটির কি নাম খাতায় লিখ।’ কিন্তু কোনো চিত্র আঁকা ছিল না। তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্নেও একাধিক ভুল। পাঁচ নম্বর প্রশ্নে ইংরেজিতে অনুবাদ কর, কিন্তু দেখা গেছে, সবগুলো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্নেও একই রকম। পরীক্ষা চলার সময় শিক্ষকেরা ভুল প্রশ্নের ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, এবারের অনুষ্ঠিত সমাপনী পরীক্ষায় প্রায় সবগুলো বিষয়ের প্রশ্নে ভুল ছিল। তাঁরা জানান, শিক্ষার্থীরা ভুল প্রশ্নের উত্তর দিতে পারেনি। এসব খাতা মূল্যায়নেও সমস্যা হবে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রশ্নপত্রে ভুলের ব্যাপারটি স্বীকার করে বলেন, ছাপা ও অসতর্কতার কারণে ভুল হয়েছে।পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহাম্মদ খান বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল ছিল শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’