প্রান্তিক নারীরা তৈরি করছেন পরিবেশ–বান্ধব স্যানিটারি ন্যাপকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইএলএলএ বা এলা প্রকল্পের অধীন পোশাককর্মীরা কাজের অবসরে ঝুট কাপড় দিয়ে বানান স্যানিটারি ন্যাপকিন। যাত্রার শুরুতেই সাড়া ফেলেছিল গার্মেন্টসের ঝুট কাপড় থেকে তৈরি এলা প্যাড। ২০১৮ সালের মাঝামাঝি হাঁটি হাঁটি পা পা করে যে উদ্যোগের শুরু হয়েছিল, তা এখন অনেকটাই দাঁড়িয়ে গেছে। সমাদৃত হয়েছে আন্তর্জাতিকভাবে। এবার গাইবান্ধা ও কুড়িগ্রামের প্রত্যন্ত চর এলাকার ১২ নারী কোনো কার্বন উৎপাদন না করে তৈরি করছেন ‘ইকো ফ্রেন্ডলি’ স্যানিটারি ন্যাপকিন। এ সম্পর্কে এই প্রজেক্টের উদ্যোক্তা মামুনুর রহমান বলেন, ‘এই ১২ নারী প্রতি ৩ সপ্তাহে ৬০০ কিলোগ্রাম কার্বন ডাই–অক্সাইড উৎপাদন থেকে রক্ষা করছে। ইকোনমি ক্লাসে লন্ডন থেকে নিউইয়র্কে যেতে এ পরিমাণ কার্বন উৎপাদিত হয়। এ ছাড়া যে কাপড় ব্যবহার করে তাঁরা প্যাড বানাচ্ছেন, সেটা উৎপাদন করতে প্রচুর পরিমাণে পানি খরচ হতো।’

নারীদের পিরিয়ডকালীন যন্ত্রণা আর অভিজ্ঞতার কথা লেখা আছে এইখানে
ছবি: সংগৃহীত

এই উদ্যোগের লক্ষ্য, আগামী ৬ মাসের ভেতর ১০০ প্রান্তিক নারীকে এ উদ্যোগের অন্তর্ভুক্ত করা। স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে নানা কিছু বানান তাঁরা। এ জন্য প্রয়োজনীয় সেলাই মেশিন, ঝুট কাপড় ও অন্যান্য যা কিছু লাগে, সেগুলো সরবরাহ করেছে এলা প্যাড। প্রশিক্ষণ দিয়েছে নারীদের। এই ১২ নারী এখন নিজেরাই খুদে উদ্যোক্তা। গ্রামের প্রান্তিক মানুষদের সঙ্গে কাজ করার পর এলা প্যাডের পর্যবেক্ষণ হলো, শহরের নারীদের চেয়ে গ্রামের এই নারীরা আরও ভালো কাজ করেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, শহরের তুলনায় গ্রামের নারীদের নানামুখী কাজের চাপ কম।

এলা প্যাড দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করছে।
এই ১২ নারীর একজন লাইজু বেগম। তিনি বলেন, ‘আমি তো কখনো ভাবিইনি যে যা কিছু আমরা ফেলনা হিসেবে ফেলে দিই, সেগুলোকে আবার অন্য কিছু বানিয়ে এভাবে ব্যবহার করা যায়।’ রুবিনা আখতার জানিয়েছেন, পৃথিবীতে ফেলনা বলে কিছুই নেই। ইউরোপীয় ইউনিয়ন পরিচালিত ‘সঙ্গ’ নামের এই প্রজেক্টের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আফরিন আরা জানিয়েছেন, এলার বানানো প্যাড নরম, স্বস্তিদায়ক আর সহজেই শুকিয়ে যায়। এ প্রজেক্টে বানানো প্যাডগুলো স্থানীয় স্কুলগুলোতে সরবরাহ করা হচ্ছে।

উঠোন বৈঠকেও জায়গা করে নিয়েছে এলা প্যাড
ছবি: সংগৃহীত

সেখানে ছাত্রীরা কেউ বিনা মূল্যে, কেউ এক টাকা বা দুই টাকা দিয়ে আবার কেউবা যথাযথ মূল্য পরিশোধ করে ব্যবহার করছে এই প্যাড। স্থানীয় এলাকায় নারীদের উঠোন বৈঠকেও সরবরাহ করা হচ্ছে এই প্যাড। বাজারে যেকোনো স্যানিটারি ন্যাপকিন কিনতে যে অর্থ খরচ হয়, এলা প্যাড কিনতে তার মাত্র ২০ ভাগ খরচ হবে।
মহামারিকালে এলা প্যাডের উদ্যোগের মাধ্যমে নিম্নবিত্তদের মধ্যে গেঞ্জি কাপড় দিয়ে তৈরি প্রায় ২০ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায়ও চলছে এলা প্যাডের কার্যক্রম। সেখানে ৬০ ‘প্রতিবন্ধী’ রোহিঙ্গাকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তাঁরা বানাচ্ছেন এলা প্যাড। তাঁদের উপযোগী যন্ত্র পাঠানো হয়েছে। এ উদ্যোগের সঙ্গী হয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও আইসিসিও। এ প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘স্কিলস ডেভেলপমেন্ট ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিস’।

প্রান্তিক নারীদের হাতে তৈরি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন
ছবি: সংগৃহীত