প্রাপক ভাইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানো, আজ তোমার কথা ভীষণ মনে পড়ছে। যখন খুব মন খারাপ থাকে, খুব কষ্ট হয়, তখন তোমার কথা অনেক বেশি মনে পড়ে। আচ্ছা, তুমি এখনদেখতে কেমন হয়েছ? ঠিক কি আমার মায়ের মতো? নাকি...আমার মতো? তোমাকে খুব দেখতে ইচ্ছা করে। আচ্ছা, তোমারও কি আমাদের জন্য খারাপ লাগে? তুমি কি আমাদের দেখতে পাও? কত প্রশ্ন যে এ মনে! জানো, আমার বন্ধুরা যখন তাদের ভাইয়ের গল্প করে, তখন না আমার খুব কষ্ট হয়। যখন দেখি, আমার বান্ধবীদের ভাইয়েরা এসে কলেজে রেখে যায়, তখন মনে হয়, তুমি যদি থাকতে, হয়তো তুমিও এমন করে আমাকে রেখে যেতে! মনে মনে যে তোমার সঙ্গে কত কথা বলি, তুমি কি তা শুনতে পাও না, ভাইয়া? তাহলে উত্তর দাও না কেন? আমরা তিন বোন যখন মা-বাবার সঙ্গে কোথাও যাই বা একসঙ্গে খেতে বসি, তখন কি তোমার হিংসা হয়, কষ্ট হয়? রাগ কোরো না ভাইয়া, তখন তুমিও তো আমাদের সঙ্গে থাকো, কল্পনায়! ভাইয়া, তুমি আমার জন্য...না, না, আমাদের সবার জন্য দোয়া কোরো। আর হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে অনেক অনেক অনেক বেশি ভালোবাসি। তোমাকে এ চিঠিটা কোন ঠিকানায় পাঠাই বলো? আমি যে ঠিকানা জানি না। ও জানি। তুমি তো ওই দূর আকাশের শুকতারা হয়ে গেছ!জেবুন নাহাররংপুর সরকারি কলেজ, রংপুর।