প্রাপণ-উজুনির নাচ পার্থ-আনিকার গান

মঞ্চজুড়ে নীরবতা। তবু সবার চোখ মঞ্চের দিকে। তখনই বেজে ওঠে সুর লহরি। রবীন্দ্রনাথের ‘আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ’ গানটির সঙ্গে মঞ্চে প্রাপণ একাডেমির একদল নৃত্যশিল্পী শুরু করেন মনমাতানো নাচ। নাচের সঙ্গে পেছনের স্থাপন করা এলইডি মনিটরে কখনো নক্ষত্র, কখনো নদী আবার কখনো বা বনের দৃশ্য ভেসে উঠছিল। তার সঙ্গে মিল রেখে পাল্টে যাচ্ছিল আবহ সংগীত। মনিটরে হঠাৎ পাহাড়ের দৃশ্য। আবহেও বাজতে থাকে পাহাড়ি সুর। প্রাপণ একাডেমির নৃত্যশিল্পীরা সেই সুরের তালে মঞ্চ থেকে বিদায় নেন আর প্রবেশ করেন রাঙামাটির উজুনি ড্যান্সের শিল্পীরা। থামি-পিণন পরে, পিঠে বাঁধা থুরুং (ঝুড়ি) নিয়ে পাহাড়ি ছন্দে নাচলেন উজুনি ড্যান্সের শিল্পীরা।

দুই সংগঠনের শিল্পীদের দৃষ্টিনন্দন নৃত্যশৈলীর পর শাড়ি ও সালোয়ার-কামিজ পরে র্যাম্পে হাঁটলেন মডেলরা। প্রতি পদক্ষেপে সৌন্দর্যের ছটা। প্রায় আধঘণ্টা দেশসেরা মডেলদের ক্যাটওয়াকের পর ক্ষণিকের জন্য যেন বিরতি। আবহে বেজে ওঠে শেফালী ঘোষের জনপ্রিয় গান ‘বেনারসি শাড়ি’। এই গানের সুরে মঞ্চে আবারও প্রবেশ করেন প্রাপণের শিল্পীরা। তাঁদের পর নাচলেন রাঙামাটির উজুনি ড্যান্সের শিল্পীরাও। দর্শকদের মুগ্ধ করেছে ‘নাম ঠিকানা জানা নাই’ গানটির সঙ্গে প্রাপণের শিল্পীদের নাচ। নৃত্যশিল্পীদের পোশাক নির্বাচনও ছিল বেশ চমৎকার। মুগ্ধতা ছড়ানো এই পরিবেশনার নির্দেশনা দিয়েছেন প্রাপণের দলনেতা ও নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া।
এই নাচের পর ছিল ছেলেদের পাঞ্জাবির ফ্যাশন কিউ। এরপরই মঞ্চে আসেন পাওয়ার ভয়েজখ্যাত শিল্পী আনিকা। বাজনার বাহুল্য ছাড়াই আসর জমালেন তিনি। তাঁর সাবলীল গায়কিও মুগ্ধ করেছে দর্শকদের। ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’ কিংবা ‘আমায় ডেকো না’ যখন গাইছিলেন তিনি, তখন দর্শকেরাও গলা মিলিয়েছি তাঁর সঙ্গে। আনিকার গানের পরও ফুরায়নি চমক মঞ্চে এলেন চাটগাঁর সংগীত তারকা পার্থ বড়ুয়া। দর্শকদের উচ্ছ্বাস ভাসিয়ে গাইলেন ‘কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা’।