প্রাপ্তবয়স্ক বন্ধুত্বের তথ্য চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: এএফপি
প্রতীকী ছবি: এএফপি

প্রাপ্তবয়স্ক বন্ধু খুঁজে পেতে প্রতিদিনই বিভিন্ন অনলাইন সাইটগুলোতে ঢুঁ মারেন লাখো নারী-পুরুষ। এসব সাইটে সদস্য হয়ে যৌন সম্পর্কর জন্য পছন্দের সঙ্গী খুঁজে নেন অনেকেই। কিন্তু সম্প্রতি হ্যাকারদের খপ্পরে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় ‘ডেটিং সাইট’ হিসেবে পরিচিত অ্যাডাল্ট ফ্রেন্ডফাইন্ডার ডটকম। এতে স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছেন সাইটটির প্রায় ৩৯ লাখ সদস্য।


ব্রিটেনের চ্যানেল ফোর-এর বরাত দিয়ে ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে। প্রাপ্তবয়স্ক বন্ধুত্বের জন্য এমন যোগাযোগে ছদ্ম নাম-পরিচয় ব্যবহার করলেও বেশ কিছু তথ্য থেকে যায় ওয়েবসাইট পরিচালনাকারীদের কাছে। ফলে ঝুঁকিতে পড়তে পারেন এসব সাইট ব্যবহারকারীরা।

চ্যানেল ফোর-এর অনুসন্ধান অনুযায়ী অ্যাডাল্ট ফ্রেন্ডফাইন্ডার ডটকম থেকে হ্যাকাররা সাইটটি ব্যবহারকারীদের অনেক ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম হয়েছেন। সদস্যদের লিঙ্গ পরিচয়, তারা সমকামী নাকি উভকামী, যৌন মিলনের ক্ষেত্রে তাঁদের পছন্দ-অপছন্দসহ তাঁরা বিয়েবহিভূ‌র্ত সম্পর্ক চান কি চান না ইত্যাদি বিষয়ও রয়েছে চুরি যাওয়া তথ্যের মধ্যে।

এ ছাড়া সদস্যদের ইমেইল ঠিকানা, জন্ম তারিখ, ডাক যোগাযোগের ঠিকানাও রয়েছে চুরি যাওয়া তথ্যে। আর যে কম্পিউটার বা গেজেট থেকে তাঁরা যোগাযোগ সেরেছেন সেটার আইপি ঠিকানাও চলে গেছে হ্যাকারদের হাতে। ফলে অনেকে ছদ্ম নাম-পরিচয়ের আশ্রয় নিলেও আইপি ঠিকানা থেকে তাঁর সত্যিকার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শীর্ষস্থানীয় এমন একটি ডেটিং সাইটের বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্য চুরির বিষয়টি মাস খানেক আগে জানা যায়। অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ বেভ রোব ‘ডার্ক ওয়েব’-এর একটি সাইটে এসব তথ্য দেখতে পেয়ে এ সম্পর্কে জানান। কিন্তু শুক্রবার চ্যানেল ফোর-এর অনুসন্ধানী প্রতিবেদন থেকেই প্রথম অ্যাডাল্ট ফ্রেন্ডফাইন্ডার ডটকমের নামা প্রকাশিত হয়।

চুরি যাওয়া এসব তথ্য থেকে বহু প্রতিষ্ঠিত ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক মানুষকে শনাক্ত করা সম্ভব বলে সতর্ক করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা । তাঁরা বলছেন, ক্রেডিট কার্ডসহ অনেক ধরনের তথ্যের এই মহা ভান্ডার থেকে সহায়তা নিয়ে হয়তো হাজার-হাজার মানুষকে জিম্মি করা হতে পারে।

শুক্রবার এই প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে হইচই পড়ে যায় ইন্টারনেটের নিরাপত্তা বিশ্লেষকসহ সংশ্লিষ্টদের মধ্যে। নিরাপত্তা বিশ্লেষক গ্রাহাম ক্লুলে এক ব্লগপোস্টে লিখেছেন অ্যাডাল্ট ফ্রেন্ডফাইন্ডারের উচিত নিজেদের ওয়েবসাইটে এ বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া। দুনিয়াজুড়ে প্রায় ৬ কোটি ৩০ লাখ সদস্যের প্রতি তাদের এই দায়বদ্ধতা রয়েছে।

এই পরিস্থিতিতে শুক্রবার রাতে একটি নোটিশ দিয়ে ওয়েবসাইটটি বলেছে, সতর্কতার সঙ্গে এই ঘটনার খবর পর্যবেক্ষণ করছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে অ্যাডাল্ট ফ্রেন্ডফাইন্ডার ডটকম।