প্রাপ্তিটা পদার্থবিদ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুলাই, ২০১২। সারা দিনের নানা ঘটনার ভিড়ে হঠাৎ দারুণ এক সংবাদ—ইউরোপের মাটিতে বাংলাদেশের গৌরবময় বিজয়। এস্তোনিয়ায় অনুষ্ঠিত ৪৩তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড (আইপিএইচও) ৮০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে তুমুল লড়াই করে বাংলাদেশ পদার্থবিদ্যা অলিম্পিয়াড দলের চৌকস সদস্যরা জিতে নিয়েছেন একটি ব্রোঞ্জপদক আর দুটি ‘অনারেবল মেনশন’। এবারে দ্বিতীয়বারের মতো এতে অংশ নিয়েছে বাংলাদেশ। আর কোনো দেশের দ্বিতীয়বারের অংশগ্রহণেই এত বড় সাফল্যের উদাহরণ আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের ইতিহাসে বিরল।পাঁচ সদস্যের পদার্থবিদ্যাপ্রেমী বাংলাদেশ দলের সদস্যরা হলেন—সেফালন ইন্টারন্যাশনাল স্কুলের শিঞ্জিনী সাহা, রাজউক উত্তরা মডেল কলেজের আহমেদ মাকসুদ, চট্টগ্রাম কলেজের শোভন বিশ্বাস, কিঞ্জল বড়ুয়া এবং নটর ডেম কলেজের ওয়াসিফ আহমেদ। এঁদের মধ্যে শিঞ্জিনী সাহা জিতেছেন ব্রোঞ্জপদক আর দুটি সম্মানজনক ‘অনারেবল মেনশন’ পেয়েছেন শোভন বিশ্বাস ও আহমেদ মাকসুদ।আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড জাতীয় কমিটি আয়োজিত পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দুর্দান্ত ফল করে এই পাঁচ শিক্ষার্থী অর্জন করেন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার সুযোগ। তাঁদের সঙ্গে এস্তোনিয়ায় গিয়েছিলেন দলের কোচ ড. আরশাদ মোমেন (অধ্যাপক, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং জাতীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ।প্রতিযোগিতার ধরন কেমন ছিল, তা জানতে চাওয়া হলে শোভন বিশ্বাস বলেন, ‘প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয় এস্তোনিয়ার তার্তো শহরে। প্রতিযোগিতার শুরুতেই প্রতিযোগীদের দিতে হয় তাত্ত্বিক পরীক্ষা। বাংলাদেশ দলের মধ্যে পরীক্ষা-ভীতির আনাগোনা ছিল না বললেই চলে। কারণ সেখানে মুখস্থবিদ্যা জাহির করার মতো প্রশ্ন মোটেও ছিল না। প্রশ্নে ছিল তিনটা গাণিতিক সমস্যা। যুক্তি, সূত্র ও বুদ্ধিমত্তার সমন্বয়ে এদের সমাধান দেখাতে হবে। ৩০ নম্বরের এই পরীক্ষার সময় পাঁচ ঘণ্টা। এক দিনের বিরতি শেষে ১৯ জুলাই অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষার আগে সবাই কিছুটা চিন্তিত ছিল। কারণ, আমাদের দেশের শিক্ষাপদ্ধতির বর্তমান পরিস্থিতিতে ব্যবহারিক শিক্ষার দিকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। তবুও আমাদের চেষ্টা ছিল ভালো করার।’অলিম্পিয়াড চলাকালীন অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত আহমেদ মাকসুদ বলেন, ‘এত সবকিছুর মাঝে ঘুরে বেড়ানোর পর্বটা বাদ থাকেনি। মিউজিয়াম, সায়েন্স সেন্টার, অ্যাডভেঞ্চার পার্ক, বাল্টিক সাগর, পুরোনো কালের ঐতিহাসিক দুর্গ—অনেক কিছুই দেখা হয়েছে। এর সঙ্গে সমান তালে চলেছিল ছবি তোলা আর নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়া। নোবেল বিজয়ী স্যার হ্যারোল্ড ক্রোটো আমাদের একদিন লেকচার দিয়েছিলেন। তাঁর আচরণ ও বিনয় দেখে আমরা মুগ্ধ। এস্তোনিয়ার মানুষগুলো ভীষণ চমৎকার— বিশেষ করে বলতে হয় আমাদের গাইড নেলে কৃসার কথা। ওর আন্তরিকতা আমাদের সারাজীবন মনে থাকবে।’২৩ জুলাই ছিল ১৫ তারিখ থেকে আয়োজিত ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান। সেখানে যখন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছিল, তখন কেমন অনুভূতি হয়েছিল ব্রোঞ্জপদকজয়ী শিঞ্জিনীর? একমুখ হাসি দিয়ে তাঁর উত্তর, ‘এই অনুভূতিটুকুন ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা ভাবতেই পারিনি পুরস্কার পেয়ে যাব। প্রথম দিকে শুনেছিলাম আমরা তিনটি অনারেবল মেনশন পেয়েছি। পরে খবর পাই আমি একটা ব্রোঞ্জপদক জিতে গেছি।’এ রকম অপ্রত্যাশিত দারুণ সাফল্যে উচ্ছ্বসিত দলের সবাই। তবে তাঁদের সবার একটাই কথা—পদার্থবিজ্ঞানের ব্যবহারিক অনুশীলনটা জরুরি। ব্যবহারিক অনুশীলন বাড়াতে পারলে ভবিষ্যতে আমরা আরও ভালো ফল করতে পারব।অলিম্পিয়াডে বাংলাদেশ দলের কোচ হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন। তাঁর কাছে অনূভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দ্বিতীয়বারের অংশগ্রহণেই এত দারুণ একটা অর্জনে আমি খুবই উৎফুল্ল। আমাদের সাফল্যের পেছনে অন্যতম কারণ ছিল আমরা চেষ্টা করেছিলাম জাতীয় পর্যায়ে কিছুটা কঠিন প্রশ্ন করে আসল মেধাগুলোকে নির্বাচন করতে। আগামী বছরগুলোতে আরও ভালো ফলাফল প্রত্যাশা করছি। এবারে স্পনসর হিসেবে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক, স্পেস জিরো লি. ও মার্কেন্টাইল ব্যাংক। অন্য দেশগুলোতে এসব অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য জাতীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা আছে। কিন্তু আমাদের দেশে নেই। জাতীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা তরুণদের আরও উৎসাহিত ও আগ্রহী করে তুলবে, এ ধরনের আয়োজনে অংশ নিতে।’