প্রাপ্তির খাতায় পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ থেকে আজমাইন, মোহাইমিনুল, ফাহিম, সৈকত ও তাওসিফ
বাঁ থেকে আজমাইন, মোহাইমিনুল, ফাহিম, সৈকত ও তাওসিফ

সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড। ১১ থেকে ১৭ জুলাই পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের ৪৭তম বিশ্ব আসরে বাংলাদেশের দলের প্রতিনিধিত্ব করে পাঁচ শিক্ষার্থী—রাজশাহী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ফাহিম তাজওয়ার, ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের আজমাইন ইকতিদার ও মোহাইমিনুল ইসলাম এবং নটরডেম কলেজের তাওসিফ আহসান ও সৈকত জাহান। অলিম্পিয়াডের প্রায়োগিক ও তাত্ত্বিক দুই ধাপের পরীক্ষায়ই বাংলাদেশ দলের সদস্যরা সাফল্য পেয়েছে। ফাহিম তাজওয়ার ২৪.৯ স্কোর করে পেয়েছে ব্রোঞ্জ পদক। আর আজমাইন ইকতিদার ও মোহাইমিনুল ইসলাম পেয়েছে সম্মানজনক স্বীকৃতি বা অনারেবল মেনশন অ্যাওয়ার্ড। এ বছর অলিম্পিয়াডে যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া, রাশিয়া, জাপান, ব্রাজিলসহ বিশ্বের ৮৪টি দেশের প্রায় ৪০০ প্রতিনিধি অংশ নেয়।
পদক পাওয়ার অনুভূতি জানতে চেয়েছিলাম ফাহিম তাজওয়ারের কাছে। তার বক্তব্য, নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া গৌরবের বিষয়। ব্রোঞ্জ জেতার আনন্দ তো আছেই।
অলিম্পিয়াডের সুবাদে দলের সঙ্গে তারা ঘুরে বেরিয়েছে সুইজারল্যান্ডের পথে-প্রান্তরে। তবে স্মৃতিতে অটুট হয়ে আছে বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সার্ন ঘুরে দেখার অভিজ্ঞতা। আজমাইন ইকতিদার বলল, ‘সুইডিশ, পর্তুগিজসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। ফেসবুকে তাঁদের সঙ্গে এখনো আমাদের কথা হয়।’

আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে এই প্রতিনিধিদের কয়েকটি ধাপে প্রতিযোগিতা করতে হয়েছে। প্রথমে বিভাগীয় পর্যায়ে সেরাদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । জাতীয় প্রতিযোগিতায় সেরা ২০ জনকে নিয়ে হয় ক্যাম্প। ক্যাম্পে বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়ে তবেই আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেওয়ার টিকিট পেয়েছে এই পাঁচজন।

বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ও দলনেতা জাহাঙ্গীর মাসুদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে কোনো দেশের জ্ঞান-বিজ্ঞান চর্চার মাপকাঠি হিসেবে অলিম্পিয়াডগুলোকে বিবেচনা করা হয়। অলিম্পিক গেমসের বাইরে এই অলিম্পিয়াডগুলোও দেশের শ্রেষ্ঠত্ব তুলে ধরে। বাংলাদেশ দলের এই অর্জন বিশ্বে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করবে বলে আমার বিশ্বাস।