প্রার্থনা, মায়ের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি নিয়ে বাড়িতে গেলে মাকে আমার মাথার সাদা চুল তুলে ফেলার জন্য বলি। মা-ও আগে থেকে বলেন, ‘আয় তোর মাথার সাদা চুল তুলে দিই।’ গত মাসেও এই কাজটা করে দিয়েছেন। কিন্তু এবার আর পারবেন না। আয়নার সামনে দাঁড়াই, নিজেকে দেখি। কানের পাশের বেশ কয়েকটা চুল সাদা হয়েছে, তোলা দরকার। কারণ, রোদের আলোয় চুলগুলো চিকচিক করছে। কিন্তু কে তুলে দেবে?মা আমার অসুস্থ। আমি মায়ের সামনে যেতে পারছি না। ফোনে কথা বলতে পারছি না। সামনে গেলে চোখ তুলে তাকাতে পারব না। আমার যে চোখ ভিজে আসে। দূরে আছি, তাও চোখ শুকনো রাখতে পারছি না। ব্যস্ত অফিসরুমেও আমার চোখ ভিজে আসে। কতবার আর চোখের জল মুছব, লুকাব? কী লুকাই আমি? কাউকে বলতে পারি না। কাকে কী বলব? আমার মা আমাকে ভালো রাখতে নিজের অসুখের কথা লুকিয়েছেন অনেক দিন। এখন চূড়ান্ত খারাপ অবস্থা তাঁর। কী স্বার্থপর সন্তান আমি, মায়ের দিকে একবারও ফিরে খেয়াল করিনি। জানতে চাইনি, বুঝতে চাইনি। কিন্তু তাঁকেই ভালোবেসে গেছি, সারা দিন ভেবেছি, আরাধনা করেছি, যে আমাকে ভালোই বাসেনি কোনো দিন। কত বোকা আমরা সন্তানেরা। ভুল মানুষকে ভালোবাসি। আর মায়েরা শুধু একতরফাভাবে শুধু ভালোই বেসে যান। বিনিময়ে কিছুই নেন না। এখন মা আমার অসুস্থ। তাঁর অনেক কষ্ট হচ্ছে। তার খুব খারাপ একটা অসুখ হয়েছে, যার চিকিৎসা করার মতো টাকা আমার নেই।এখন একটাই চাওয়া—আমার মা ভালো থাকুক, সুস্থ থাকুক, বেঁচে থাকুক। নইলে আমি যে খুব একা হয়ে যাব। আমার চারপাশে আর কেউ নেই। মা তো আর দুইটা হয় না, থাকে না। হে মহান সৃষ্টিকর্তা, তোমার কাছে আর কিছু চাই না। আমার মাকে ভালো করে দাও। আমার মুখের হাসি কেড়ে নিয়ো না। তার চেয়ে তুমি আমাকে নিয়ে যাও। আমি তো কোনো দিন একটা গাছের পাতা অহেতু ছিঁড়ে ফেলিনি!মাসুম বিল্লাহতালিমপুর, পূর্ব রূপসা, খুলনা-৯২৪১