খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে শামসুল আলমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। কিন্তু দলের একাংশ তাঁর মনোনয়ন মেনে নিচ্ছে না। এ নিয়ে অন্য মনোনয়নপ্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার চিন্তা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে তৃণমূলের কয়েকজন নেতা-কর্মী বলেন, মাটিরাঙ্গা পৌর এলাকায় বিএনপির শক্ত অবস্থান। আর আওয়ামী লীগে চার ধারা। সবাই একজোট হয়ে নির্বাচনে কাজ না করলে আওয়ামী লীগ প্রার্থীর জয়লাভ করা কঠিন হবে।
অবশ্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা বলছেন, মাটিরাঙ্গা আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব-বিবাদ নেই। যেটুকু রয়েছে তা নির্বাচনের শেষ সময়ে থাকবে না।
গত ২৯ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার বাসভবনে বৈঠক করে মাটিরাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করা হয়। এরপর কেন্দ্রে একক প্রার্থীর নাম পাঠানো হয়েছে। শামসুল আলম ছাড়াও দলের অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ ফরাজী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম।
পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ ফরাজী বলেন, ‘গত নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনে দলের সভাপতিসহ একটি অংশ আমার পক্ষে কাজ করেনি। আমি এবারও মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দেওয়া হয়েছে শামসুল আলমকে। যিনি আমার বিপক্ষে নির্বাচন করেছেন আমি কীভাবে ওনার পক্ষে নির্বাচন করব? তা ছাড়া পৌর এলাকায় ৭০ শতাংশ ভোট বিএনপির। সেখানে আওয়ামী লীগের দ্বন্দ্ব থাকলে জয় কখনো সম্ভব হবে না। আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারি।’
পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘গত নির্বাচনে আমাকে দল থেকে সমর্থন করা হয়নি। তবু আমি নির্বাচন করেছি। আওয়ামী লীগের তিনজন প্রার্থীর মধ্যে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছিলাম। এবারও মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু শামসুল আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। মাটিরাঙায় আওয়ামী লীগের শক্তিশালী চারটি বলয় রয়েছে। শামসুল আলমের মাত্র একটি বলয়। তিনটি বলয় কাজ না করলে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে কোনোভাবেই জয়লাভ করতে পারবে না। জনপ্রিয়তায় একজনের চেয়ে আরেকজন কম নয়।’
আরেক মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম দল যাঁকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে কাজ করার কথা জানান।
এদিকে দলের মনোনয়ন পাওয়া শামসুল আলম বলেন, ‘দল আমাকে এককভাবে মনোনয়ন দিয়েছে। এ বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে দল থেকে বহিষ্কৃত হবেন। স্বতন্ত্র হিসেবে কেউ নির্বাচন করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। আর বর্তমানে দলে যে সামান্য দ্বন্দ্ব ও মান-অভিমান রয়েছে তা থাকবে না, মিটে যাবে।’
দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থী ছিলেন তিনজন—হারুন অর রশিদ ফরাজী, এস এম জাহাঙ্গীর আলম ও শামসুদ্দিন। অন্য দিকে বিএনপি থেকে প্রার্থী হন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া। নির্বাচনে আবু ইউসুফ চৌধুরী জয়লাভ করেন।