প্রার্থী মাত্র দুইজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট বাকি আর মাত্র কটা দিন। সব জায়গায় জোরেসোরে শুরু হয়ে গেছে প্রচারণা। প্রার্থীরা যে যাঁর মতো করছেন গণসংযোগ। সেই তুলনায় ৩৩ নম্বর ওয়ার্ডের চিত্র একটু অন্য রকম। এ ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী মাত্র দুজন। জহিরুল আলম দোভাষ ও জাহেদ ওসমান। শুরুতে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও পরবর্তীকালে দুজন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেন। কারণ হিসেবে তাঁরা জানান, ৩৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলম দোভাষের জনপ্রিয়তার কথা। জহিরুল আলম দোভাষ এবারও এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। চাঁদ প্রতীক নিয়ে জহিরুল আলম দোভাষ এবং পদ্মফুল প্রতীক নিয়ে জাহেদ ওসমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ার্ডে ভোটারসংখ্যা ১৮ হাজার ৩৮৪। এর মধ্যে পুরুষ নয় হাজার এবং নারী ভোটার আট হাজার ৬৫৫। ভোটারদের কাছে এ পর্যন্ত জহিরুল আলম দোভাষের কথাই বেশি আলোচিত হচ্ছে। তিনি আওয়ামী ঘরানার। জাহেদ ওসমান জামায়াত সমর্থক। মনতোষ ঘোষ একজন দই ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা। বাপ-দাদার আমল থেকে তাঁদের এই দইয়ের দোকান। কার সম্ভাবনা বেশি জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দোভাষ ভাই এত জনপ্রিয় এবং ভালো যে, তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোটাই দুঃসাহস মনে হয়। এখন জাহেদ ওসমান ছাড়া আর কেউ নেই উনার প্রতিদ্বন্দ্বী।’ কথা হয় প্রতিদ্বন্দ্বী জাহেদ ওসমানের সঙ্গে। তিনি বলেন, ‘এ ওয়ার্ডে জহিরুল আলম দোভাষের জনপ্রিয়তা থাকলেও আমি আমার জয় নিয়ে বেশ আশাবাদী। আসলে এলাকার জন্য কিছু করার মানসিকতা থেকেই আমার প্রার্থী হিসেবে দাঁড়ানো। এ ছাড়া, এলাকার মানুষ আমাকে চেনেন। তাঁরা জানেন আমার নৈতিকতা সম্পর্কে। জনগণের ওপর ভরসা রেখে ভোটে দাঁড়িয়েছি।’ এলাকার লোকজন জানান, তাঁদের কোনো দাবি নেই। অভিযোগও নেই তেমন। নির্বাচনী বিধিমালা লঙ্ঘন না করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী। জহিরুল আলম দোভাষ বর্তমান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করার কারণে তিনি গণসংযোগে ততটা সময় দিতে পারছেন না। তার পক্ষে কাজ করছেন সমর্থক শুভানুধ্যায়ীরা। তবে জাহেদ ওসমান তাঁর প্রতীক নিয়ে গণসংযোগ করছে জোরেসোরে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ভোটার জানান, ‘ভোটের ফল নিশ্চিত, আমরা জানি কে হবেন আমাদের কাউন্সিলর। আমি কিছু বলবো না, আপনারাই বুঝে নিন।’ এলাকার লোকজন বর্তমান কাউন্সিলরের কিছু ব্যাপারে উদাসীনতার কথাও জানান। রাস্তা খোঁড়াখুঁড়ি এবং চলাচলের অসুবিধার কথা জানান তাঁরা। জহিরুল আলম দোভাষের পক্ষে তাঁর আত্মীয় আব্দুল হালিম দোভাষ বলেন, ‘জহিরুল আলম হচ্ছেন মাটির মানুষ। তাঁর নৈতিক চরিত্র, জনগণকে সেবা করার যে মানসিকতা তা অনেকের মধ্যে থাকে না। মানুষের ভালোবাসায় এবারও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।’