প্রার্থী হয়েছেন মামলার আসামি-সন্ত্রাসী অনেকেই
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাউজানের বিভিন্ন স্থানে দুই শতাধিক অপরাধী বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। অনেকে প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান-সদস্য পদপ্রার্থী হিসেবে। এসব ব্যক্তির মধ্যে একাধিক মামলার আসামি এমনকি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিও রয়েছেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে এলাকার সাধারণ মানুষ ভয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না। পুলিশ দাবি করছে, তাদের কাছে চিহ্নিত সন্ত্রাসীর তালিকা নেই। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক উনু মং জানান, সময়ের অভাব এবং কম জনবলের কারণে সব কিছু যাচাই করা সম্ভব হচ্ছে না। যতদূর সম্ভব অবস্থা বুঝে পরিস্থিতি ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। তালিকাভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের তথ্য জানতে একাধিকবার যোগাযোগ করলে তিনি জানান, ‘থানায় তালিকা পাওয়া যাচ্ছে না।’উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হান্নান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ বা পুলিশি প্রতিবেদন পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’থানা সূত্র জানায়, জোট সরকারের আমলে পুলিশের তৈরি করা তালিকা অনুসারে রাউজানে সন্ত্রাসীর সংখ্যা শতাধিক। এর মধ্যে গত কয়েক বছরে বিভিন্ন ঘটনায় মারা গেছে ২০ জন। অন্তর্ধান হয়েছে বাগোয়ানের জাফর চেয়ারম্যান, নোয়াপাড়ার আজিম উদ্দিন মাহমুদ, বদিউল আলম, পূর্বগুজরার আজিম উদ্দিনসহ কয়েকজন। কারাবন্দী আছে কম-বেশি আরও ১০ জন। বর্তমানে বিভিন্ন স্থানে পালিয়ে আছে ফজল হক, রমজান আলী, ইকবালসহ অনেকেই। সরকারদলীয় বিভিন্ন সংগঠনের আড়ালে আশ্রয় নিয়েছেন কোনো কোনো সন্ত্রাসী। স্থানীয় লোকজন জানান, গত কয়েক বছরে রাউজানে বড় ধরনের কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি। কোনো ঘটনায় ব্যবহূত হয়নি আগ্নেয়াস্ত্র। কিন্তু আগে বিভিন্ন সরকারের আমলে যাঁরা আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করতেন তাঁরা এখন নিরস্ত্র অবস্থায় ঘোরাফেরা করলেও এলাকাবাসী আতঙ্কবোধ করছেন। তাঁরা জানান, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে কোনো কোনো চিহ্নিত সন্ত্রাসী এলাকায় অবস্থান নিয়েছেন। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে এলাকার কিছু উচ্ছৃৃঙ্খল বেকার যুবক। এদের অনেককে আগেও সন্ত্রাসীদের সহযোগী হিসেবে এলাকায় দেখা যেত। এরা আসন্ন নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগে জানা যায়। সূত্র জানায়, গহিরা ইউনিয়নের হারুন অর রশীদ, হলদিয়া ইউনিয়নের আবদুল মোমেন চৌধুরী, বাগোয়ান ইউনিয়নের ভুপেষ বড়ুয়া, পূর্বগুজরার আব্বাস উদ্দিন আহমদ, কদলপুর ইউনিয়নের এস এম ইব্রাহীম হোসেন, একই ইউনিয়নের মুরাদুল আলম, বিনাজুরী ইউনিয়নের বসুমিত্র বড়ুয়া, নোয়াপাড়া ইউনিয়নের জানে আলম চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তাঁদের নামে রয়েছে সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অভিযোগ। ডাবুয়া ইউনিয়নের প্রার্থী আবদুর রহমানের নামে আছে এলাকায় মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগ। পাহাড়তলীর প্রার্থী আবদুর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ আছে সরকারি-বেসরকারি ভূমি দখলের। অস্ত্র আইনে মামলা রয়েছে নোয়াপাড়া ইউনিয়নের জানে আলমের বিরুদ্ধে।তবে প্রায় সব প্রার্থীরই দাবি, তাঁদের নামে দায়ের হওয়া সব মামলা রাজনৈতিক হয়রানিমূলক। এসব মামলা আগেই নিষ্পত্তি হয়ে গেছে। পাহাড়তলী বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হয়রানি এবং অপমান করার জন্য ভূমিদস্যু হিসেবে অভিযোগ করা হয়েছে।’ হলদিয়া ইউনিয়নের আবদুল মোমেন চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে করা প্রায় সব মামলা নিষ্পত্তি হয়ে গেছে। শুধু একটি মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে বিবেচনার জন্য।’সার পাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে বিনাজুরি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রবীন্দ্রলাল চৌধুরীর বিরুদ্ধে। তিনি কীভাবে প্রকাশ্যে প্রচারণা চালান জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা উনু মংবলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখব।’