কক্সবাজার জেলার আটটি উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন কাল। নির্বাচনে ভোটার মাত্র ২২৩ জন হলেও প্রার্থী আছেন ৫৬ জন। পোস্টার, মাইকিং না থাকলেও প্রার্থীদের ঠিকই ঘাম ঝরছে প্রচারণায়।
আগামীকাল ১৫ জুন সারা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। কক্সবাজারের আটটি উপজেলায় ২৫টি আসনে প্রার্থী হয়েছিলেন ৬০ জন। ইতিমধ্যে চারটি আসনে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনী লড়াইয়ে আছেন ৫৬ জন। নির্বাচনে সাধারণ ভোটারদের পরিবর্তে কেবল ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও পৌরসভার নারী কাউন্সিলররা ভোট দেবেন বলে প্রার্থীদের ‘জয়লাভের’ হিসাব-নিকাশ পাল্টে গেছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চকরিয়া উপজেলার ১ নম্বর আসনে আনোয়ারা ইসলাম, ৪ নম্বর আসনে হুমাইরা বেগম, টেকনাফ উপজেলার ৩ নম্বর আসনে জোছনা আকতার এবং রামু উপজেলার ১ নম্বর আসনে আনোয়ারা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট ২১টি আসনে লড়ছেন ৫৬ জন প্রার্থী। ভোটার সংখ্যা ২২৩ জন হলেও তাঁদের মন জয় করতে কাঠ-খড় পোড়াতে হচ্ছে প্রার্থীদের।
কক্সবাজার সদর উপজেলার ৪ নম্বর আসনে প্রার্থী হয়েছেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলর চম্পা উদ্দিন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি প্রচারণায় ব্যস্ত। তিনি বলেন, সাধারণ নির্বাচনে হাজার হাজার ভোটারের কাছে ছুটে যেতে হতো। এখন ভোটার কম হলেও ব্যস্ততা কমেনি। ভোটারদের চোখে চোখে রাখতে হচ্ছে।
চাম্পা উদ্দিনের প্রতিদ্বন্দ্বী কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হুমাইরা বেগম ও স্থানীয় গৃহবধূ খালেদা মেহবুবা আকতার। হুমাইরা জানান, ভোটাররা অধিক সচেতন। তাঁরা দেখেশুনে ভোট দেবেন। সে জন্য হিসাব মেলানো কঠিন হচ্ছে।
এই উপজেলার ১ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেহেনা ইয়াসমিন সিদ্দিকা, মিনতি বিশ্বাস, রাফিয়া কামাল ও ফাতেমা জান্নাত। ২ নম্বর আসনে সাবিনা ইয়াসমিন ও সেতারা বেগম এবং ৩ নম্বর আসনে আরেফা বেগম, শামসুন্নাহার ও জাহেরা বেগম প্রার্থী হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন প্রার্থী বলেন, নির্বাচনের শেষ মুহূর্তে এসেও জয়লাভের হিসাব-নিকাশ করা যাচ্ছে না। কারণ ভোটাররা কথা বলছেন না। তাই প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়ে গেছে।
রামু উপজেলার ২ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী আনার কলি, গুলনাহার ও মনোয়ারা বেগম। ৩ নম্বর আসনে আছেন আফসানা জেসমিন, মরিয়ম বেগম ও সোনিয়া বড়ুয়া।
সোনিয়া বড়ুয়া জানান, এর আগেও তিনি ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু এই নির্বাচন ব্যতিক্রম মনে হচ্ছে।
মহেশখালীর ১ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিনুয়ারা বেগম, রেহেনা বেগম ও মোকাররমা বেগম। ২ নম্বর আসনের প্রার্থীরা হলেন শিরিন ফারজানা, ডলি শর্মা, করিমা বেগম ও মনোয়ারা বেগম। ৩ নম্বর আসনে প্রীতি কণা শর্মা, হোসনে আরা ও নার্গিস আকতার প্রার্থী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, আগামীকাল ভোটাররা নিজ নিজ উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে (ভোটকেন্দ্র) পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোট শেষে ২১টি আসনের ফলাফল ঘোষণা করা হবে।