প্রার্থীদের প্রচারণা তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌর এলাকা এখন নির্বাচনী প্রচারণায় সরগরম। প্রার্থীদের চোখে ঘুম নেই। সকাল থেকে রাত অবধি চলছে প্রচারণা। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা আদিবাসী-বাঙালি বিভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান। ৮ জানুয়ারি এ পৌরসভার প্রথম নির্বাচন।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদপ্রার্থী চারজন—আওয়ামী লীগ-সমর্থিত জমির হোসেন, বিএনপি-সমর্থিত মুন্সি মিয়া, সম-অধিকার-সমর্থিত আলমগীর কবির ও স্বতন্ত্র আজিজুর রহমান। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা গেছে, আদিবাসী-বাঙালি সংঘর্ষের পর উপজেলা প্রশাসন ও চার মেয়র পদপ্রার্থী বিভিন্ন এলাকায় পথসভা করেন। পথসভায় মেয়র পদপ্রার্থীরা বলেন, ‘আদিবাসী-বাঙালি একসঙ্গে মিলেমিশে বাস করা ছাড়া কোনো বিকল্প নেই। এখন আমাদের একটাই অঙ্গীকার—সম্প্রীতি অটুট রাখা।’ ভোটাররা জানান, সকালে এখন ঘুম ভাঙাচ্ছেন প্রার্থীরা। আবার রাতে এসেও কড়া নাড়ছেন। সমানে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে আদিবাসী-বাঙালির সম্প্রীতি বজায় রাখতে যাঁরা কাজ করবেন তাঁদের বেছে নেবেন বলে জানান ভোটাররা। বাঘাইছড়ি গ্রামের ভোটার সুশীল কান্তি চাকমা বলেন, ‘প্রার্থীদের এখন একটাই আশ্বাস, আদিবাসী-বাঙালিদের সুসম্পর্ক গড়ে তোলা।’সদর এলাকার ভোটার ব্যবসায়ী নয়ন কান্তি দাশ বলেন, ‘মেয়র পদপ্রার্থীদের জয়-পরাজয় হবে আদিবাসী ভোটারদের ওপর। কারণ বড় দুই দলের প্রার্থীসহ মেয়র প্রার্থীর চারজনই বাঙালি। ফলে বাঙালি ভোটাররা চার ভাগে ভাগ হবে। তাই আদিবাসীরা যাঁকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হওয়ার সম্ভাবনা।’বড় দুই দলের প্রার্থীরাও আদিবাসী ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. জমির হোসেন বলেন, ‘আদিবাসীদের ভোট পাওয়ার জন্য আমি সব সময় তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করি অধিকাংশ আদিবাসী আমাকে ভোট দেবেন। আমি গত শুক্রবার ও শনিবার আদিবাসীদের গ্রামে প্রচারণা চালিয়েছি।’ বিএনপির মেয়র পদপ্রার্থী মুন্সি মিয়া বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রথমে আদিবাসী-বাঙালিদের সম্প্রীতি নিয়ে কাজ করব। যেহেতু এলাকায় সম্প্রীতি বজায় না থাকলে উন্নয়ন সম্ভব নয়।’ নির্বাচন কর্মকর্তা আবদুল কাদির বলেন, আদিবাসী-বাঙালিদের বিরোধের প্রভাব নির্বাচনী প্রচারণায় পড়েনি। তাঁরা নির্ভয়ে প্রচারণা চালাচ্ছেন।