প্রার্থীদের বিশেষণ সম্পর্কে সতর্ক থাকুন
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন একেবারেই সমাগত। ভোটের জন্য এখন প্রার্থীরা কত বিশেষণ যে ধারণ করবে, তার কোনো ইয়ত্তা নেই। তবে নির্বাচনী পোস্টারে লেখা সেসব বিশেষণ দেখে মোমের মতো গলে না গিয়ে বরং বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল খন্দকারসৎপ্রতিটি প্রার্থীর পোস্টারেই আপনি ‘সৎ’ বিশেষণটি দেখতে পাবেন। যেহেতু আপনি কোমলমতি মানুষ, তাই আপনার বিশ্বাস হতেই পারে, যারা যারা নির্বাচনে দাঁড়িয়েছে, তারা সবাই সৎ। হয়তো খানিক সময়ের জন্য বিস্মিতও হতে পারেন এই ভেবে—দেশে তাহলে এখনো এত সৎ লোক আছে? নো নো নো, ফাও ফাও এত বিস্মিত হলে তো চলবে না! বরং এই ‘সৎ’ বিশেষণটার ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। কারণ, সৎমা, সৎভাই এরা কিন্তু খুব ভয়ংকর হয়। দেখা গেল আপনি তথাকথিত যে সৎ প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তিনিও সৎমায়ের মতোই সৎ। যদি তা-ই হয়, তাহলে হয় এখনই সতর্ক হোন, নয় তো বিমাতাসুলভ আচরণ সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন।বলিষ্ঠ কণ্ঠস্বরবলিষ্ঠ কণ্ঠস্বর বিশেষণটা অবশ্যই চমৎকার একটা বিশেষণ। আপনার প্রিয় প্রার্থীর পোস্টারে এই বিশেষণ দেখে আপনি দু-চারজনের কাছে তার প্রশংসা করতেই পারেন। বলতেই পারেন—আমার প্রার্থীর যেহেতু বলিষ্ঠ কণ্ঠস্বর, অতএব তিনি নিশ্চিত ভালো কবিতা আবৃত্তি করেন। শোনেন, মিয়া ভাই, ‘বলিষ্ঠ কণ্ঠস্বর’ বিশেষণটাকে আপনি যত পজিটিভ দৃষ্টিকোণ থেকেই দেখেন না কেন, এ ব্যাপারে সতর্ক থাকার কিন্তু কোনোই বিকল্প নেই। কেন জানেন? কারণ এমনও হতে পারে, তিনি প্রচণ্ড রকম গলাবাজ। নির্বাচনে বিজয়ের পর কাজের কাজ না করে যখন শুধু গলাবাজি করবেন, তখন এর প্রতিবাদ করতে গেলে বলতে পারেন—আমি তো আগেই বলে নিয়েছিলাম আমি বলিষ্ঠ কণ্ঠস্বর। তখন কী করবেন?গরিবের বন্ধুআপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুটির কথা চিন্তা করুন। তার সঙ্গে আপনার অন্য রকম সম্পর্ক। তার পকেটে টাকা থাকলে মনে হয় টাকাটা আপনার নিজের পকেটে আছে। সে বাসা থেকে টিফিন আনলে অথবা রেস্টুরেন্ট থেকে খাবার কিনলে ছোঁ মেরে নিয়ে খেয়ে ফেলার মধ্যে অন্য রকম একটা আনন্দ পান। যে প্রার্থীটি ‘গরিবের বন্ধু’ বিশেষণে বিশেষায়িত, তিনি যে এ ধরনের বন্ধুত্বই ফলাবেন না, তার গ্যারান্টি কী! দেখা গেল, গরিবের জন্য ১০ কোটি টাকা এল ত্রাণ হিসেবে। টাকাটা তিনি গরিবকে না দিয়ে নিজের কাছেই রেখে দিলেন। কারণ, তিনি গরিবের বন্ধু। বন্ধুর টাকা বন্ধুর কাছে থাকতেই পারে। আবার দেখা গেল, গরিবের নামে আসা গম দিয়ে নিজে রুটি বানিয়ে খেয়ে একই যুক্তি দাঁড় করালেন। সো, সাবধান!নির্ভীকনিজের জানের নিরাপত্তার জন্য সঙ্গে কয়েক গাড়ি পুলিশ নিয়ে ঘোরেন, এমন প্রার্থী আপনি কখনোই চান না। এমন প্রার্থী চান, যে ওই সব ঘোড়ার ডিমের আত্মনিরাপত্তার কথা চিন্তা না করে খোলামেলাভাবে পাবলিকের সঙ্গে মিশবে। তাই পোস্টারে যখন দেখবেন কোনো প্রার্থীর বিশেষণ হিসেবে ‘নির্ভীক’ কথাটি লেখা আছে, তখন আপনি আশাবাদী হতেই পারেন। তবে এর আগে সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ, আমরা সাকা চৌধুরীর মতো অনেক নির্ভীক (!) নেতা দেখেছি, যাঁরা সুনির্দিষ্ট অপরাধের কারণে ফেঁসে যাওয়ার পরও বড় বড় কথা বলেন। কোথায় একটু মাথা নত করবেন, তা না। হেন করেঙ্গা, তেন করেঙ্গা বলে বাণী দেন। আপনার প্রার্থীও এই টাইপের নির্ভীক কি না, একটু সতর্কতার সহিত যাচাই করার দরকার আছে না?সমৃদ্ধ ঢাকার স্বপ্নদ্রষ্টা‘স্বপ্নদ্রষ্টা’ বানানটা যেহেতু একটু কঠিন, তাই এই বিশেষণটা সব প্রার্থীর পোস্টারে পাওয়া নাও যেতে পারে। তাই বলে কারও পোস্টারেই পাওয়া যাবে না, তা কিন্তু নয়। তো আপনি যখন কারও পোস্টারে ‘স্বপ্নদ্রষ্টা’ বিশেষণটা দেখবেন, তখন আপ্লুত না হওয়ার কোনো কারণ নেই। কারণ, একজন প্রার্থী একটা রাজধানী শহরকে নিয়ে এমন চমৎকার স্বপ্ন দেখছেন, এটা আপ্লুত হওয়ার মতো বিষয়ই বটে। তবে এখানেও সতর্কতার বিষয়টা থেকেই যায়। কারণ জেগে জেগে স্বপ্ন দেখার কোনো সিস্টেম নেই। স্বপ্ন দেখতে হলে অবশ্যই ঘুমুতে হয়। যে প্রার্থীটি স্বপ্নদ্রষ্টা বিশেষণে বিশেষায়িত, এমনও হতে পারে তিনি কাজ-কর্ম বাদ দিয়ে সারা দিন শুধু ঘুমান। অতএব সাবধানতার সহিত চিন্তা করুন, এমন ‘আইলস্যা’ প্রার্থীকে ভোট দেবেন কি না।