প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কৌতূহল
চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াইয়ে নেমেছেন পাঁচজন। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তাঁদের মধ্যে একজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, একজন স্বশিক্ষিত, একজন অষ্টম শ্রেণী পাস এবং একজন স্নাতকোত্তর (কলা) ও অন্যজন স্নাতকোত্তর (বাণিজ্য) ডিগ্রিধারী। তবে হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবের বেশ অমিল রয়েছে বলে জানা গেছে। এ নিয়ে প্রার্থীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। প্রার্থীরা জানান, সনদ জোগাড়ের ‘ঝামেলা’ এড়ানোর জন্য তাঁরা হলফনামায় প্রকৃত তথ্য দেননি।হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী পটিয়া পৌরসভার দুবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শামসুল আলম স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তিনি এলাকায় শামসুল আলম মাস্টার হিসেবে পরিচিত। সাবেক পৌর প্রশাসক ও পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি মোহাম্মদ আলী উল্লেখ করেছেন তিনি স্বশিক্ষিত। বর্তমান মেয়র ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম অষ্টম শ্রেণী পাস। পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি ও পটিয়া উন্নয়ন ফোরামের আহ্বায়ক মুহাম্মদ হারুণর রশিদ স্নাতকোত্তর বাণিজ্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মুুহাম্মদ বদিউল আলম স্নাতকোত্তর কলা ডিগ্রিধারী।এলাকায় ‘মাস্টার’ হিসেবে পরিচিত হলেও হলফনামায় শিক্ষাগত যোগ্যতা ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’ উল্লেখ করার কারণ জানতে চাইলে শামসুল আলম একসময়ে বান্দরবানের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার কথা স্বীকার করে বলেন, ‘শিক্ষাগত যোগ্যতার কথা লিখলে সনদ দিতে হবে। এগুলো খুঁজে বের করা সময়ের ব্যাপার। তাই স্বাক্ষরজ্ঞানসম্পন্ন উল্লেখ করেছি।’এলডিপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলীও বলেছেন একই কথা। বললেন, ‘সনদ খুঁজে বের করা সময়সাপেক্ষ ব্যাপার। তাই স্বশিক্ষিত উল্লেখ করেছি। এগুলো কোনো ব্যাপার না।’ তবে তাঁরা দুজনই বিস্তারিত বলতে চাননি।বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, ‘আমার শিক্ষাগত যোগ্যতা বাস্তবে যা লিখেছিও তা-ই। বাড়িয়ে-কমিয়ে কিছু লিখিনি।’আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী অধ্যাপক হারুণর রশিদ জানান, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (বাণিজ্য) ডিগ্রি নিয়ে প্রায় তিন বছর পশ্চিম পটিয়া এজে চৌধুরী কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছেন।