প্রার্থীর কাছে প্রার্থনা আন্তরিকতা ও দক্ষতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের ভোটারদের অনুযোগ ‘এখানে আসলে বলার মতো কিছুই নেই। ওয়ার্ডে ছেলেদের উচ্চবিদ্যালয় নেই, কলেজ নেই, সড়কের পাশে ফুটপাত নেই, নির্ভরযোগ্য কোনো হাসপাতাল নেই, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই, ট্রাফিক পুলিশ নেই। কয়েক যুগ ধরে এখানে করপোরেশনের বড় ধরনের কোনো উন্নয়ন বা সংস্কারকাজও নেই। তীব্র যানজট, পানিসংকট, সড়কের ওপর ময়লার স্তূপ, অস্বাস্থ্যকর পরিবেশ, নাগরিক দুর্ভোগ, মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য আমাদের নিত্যসঙ্গী।’ তাই এবার প্রার্থী নির্বাচনে তাঁরা প্রচারণা-প্রতিশ্রুতির চেয়েও গুরুত্ব দিচ্ছেন আন্তরিকতা আর কর্মদক্ষতার ওপর। প্রায় একই অভিমত অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোবারক আলী চৌধুরীরও। সরেজমিনে দেখা গেছে, পোস্টার, প্রচারপত্র নিয়ে কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। অলিগলিতে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। হাতে লেখা আর ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। ভোটারদের কাছে টানতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না প্রার্থী ও সমর্থকেরা।এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন—আবদুল মাবুদ (হাতি), দ্বীন মোহাম্মদ (চাঁদ), মো. সাহিদুল ইসলাম ওরফে টুলু (আপেল) ও মো. আলী বক্স (মোরগ)। এর মধ্যে মো. আলী বক্স আওয়ামী লীগের একক প্রার্থী। বাকি তিনজনই স্বতন্ত্র। মো. সাহিদুল ইসলাম গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছিলেন। ভোটারদের ধারণা এবার তাঁর সঙ্গে মো. আলী বক্সের মূল লড়াই হবে। তবে কৌশলী প্রস্তুতির কারণে দ্বীন মোহাম্মদও এতে শামিল হতে পারেন। পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের মোট ভোটার ২৭ হাজার ৫০ জন। এর মধ্যে নারী ১২ হাজার ৫১৬ এবং পুরুষ ১৪ হাজার ৫৩৪ জন। বর্তমান কাউন্সিলর মো. সাহিদুল ইসলাম বলেন, ‘প্রায় চার কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে আমার আমলে। ১৪৩টি কাঁচা সড়কের মধ্যে ৯৫টির উন্নয়ন করেছি। আমার বড় কাজ হচ্ছে, ওয়ার্ডের দুঃখ বলে খ্যাত গুলজার খাল অবৈধ দখলমুক্ত করে সংস্কার করা। অলিগলির ডাস্টবিন তুলে দিয়ে ভ্যানগাড়ি দিয়েছি। কদমতলি এলাকায় পানিসংকট নিরসনে গভীর নলকূপ দিয়েছি। কোনো উন্নয়নকাজে দুর্নীতি হয়নি। মহল্লার লোকজনকে কার্যাদেশের নথি দিয়েছি, তাঁরাই কাজ বুঝে নিয়েছেন।’ তিনি তাঁর ব্যর্থতা স্বীকার করে বলেন, ‘এলাকায় যানজট কমানো যাচ্ছে না, একজন ট্রাফিক পুলিশ চেয়েছি। ডিসি ট্রাফিকের সহযোগিতা পাইনি। সরকারি জায়গায় করপোরেশনের আধিপত্য থাকে না বলে এসআরবি বস্তি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। ভাটি এলাকা হওয়ায় ১ নম্বর গলির নালা বেশি খারাপ।’ এবার নির্বাচিত হলে তিনি মাদক ও যানজট নিরসনে সামাজিক আন্দোলন করবেন বলে জানান। নির্বাচন নিয়ে তাঁর অভিযোগ, ‘প্রতিদ্বন্দ্বী দ্বীন মোহাম্মদ ভোটারদের টাকা দিচ্ছেন, চাররঙা ডিজিটাল ব্যানার করেছেন, নিরীহ ভোটারদের জাতীয় পরিচয়পত্র জমা রাখছেন বিভিন্ন কৌশলে।’ এ ব্যাপারে দ্বীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। আমি নির্বাচনী আচরণবিধি মেনে চলছি। আমার সমর্থনে এলাকায় গণজোয়ার সৃষ্টি হচ্ছে দেখে তিনি ঈর্ষান্বিত হয়ে এসব অভিযোগ-অপপ্রচার করছেন। উল্টো তাঁরাই বিভিন্ন ভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন।’ ২০০০ সালে জিতেছিলেন বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলী বক্স। গতবার তিনি হেরেছিলেন সামান্য ভোটে। এবার বদলে গেছে ভোটের হিসাব। তিনি বলেন, ‘এবার আমাদের জয় সুনিশ্চিত। কারণ এলাকাবাসী ওয়ার্ডের ব্যাপক সুষম উন্নয়নের জন্য আমাকে দরকার বলে মনে করছেন। তাঁরা দেখেছেন আমি ক্ষমতায় যে পাঁচ বছর ছিলাম নিরপেক্ষতা, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি।’ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জমির আহমদ বলেন, ‘আমরা কাউন্সিলর নির্বাচনে আর ভুল করব না। এখন আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন পরিচালনা করছি। সাধারণ ভোটারদেরও বেশ সাড়া পাচ্ছি। আলী বক্স ভাইয়ের নির্বাচনী মাঠ ভালো দেখছি।’